হাজার কোটি দুর্নীতির মামলায় জেরার মুখে গোবিন্দ

এক হাজার কোটি রুপির অনলাইন প্রতারনায় নাম জড়িয়েছে বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা গোবিন্দর। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ভারতের অর্থনৈতিক অপরাধ দমন সংস্থা ইকোনোমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ)-এর ওডিশা শাখা। 

সোলার টেকনো অ্যালায়েন্স নামক একটি কোম্পানি ক্রিপ্টো কারেন্সির আড়ালে ভারতে প্রতারণার জাল বিস্তার করেছিল। কোম্পানিটি ‘পঞ্জি’ নামে একটি অনলাইন অ্যাপ বাজারে ছেড়েছিলো। যার কয়েকটি বিজ্ঞাপনে দেখা গেছে গোবিন্দকে। এ কারণেই অভিনেতার নামে অভিযোগ, প্রতারক ওই সংস্থার কার্যকলাপ সমর্থন করছেন গোবিন্দ। আর সেই কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। 

গত জুলাই মাসে ওই কোম্পানির একটি অনুষ্ঠানে যোগ দিতে গোয়াতে গিয়েছিলেন গোবিন্দ। সেখানে কোম্পানিটির বিভিন্ন প্রচারমূলক অনুষ্ঠানেও দেখা গেছে তাকে। ওডিশার অর্থনৈতিক অপরাধ দমন শাখার কর্মকর্তা জে এন পঙ্কজ জানিয়েছেন, খুব শিগগিরই অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে। গোবিন্দকে জিজ্ঞাসাবাদ করার জন্য একটি টিম মুম্বাইতে যাবে।

পঙ্কজ আরও বলেন, ‘গোবিন্দ এ ঘটনায় অভিযুক্ত নন, কিংবা সন্দেহভাজনও নন। পরে যদি দেখা যায় যে, সোলার টেকনো অ্যালায়েন্সের সঙ্গে গোবিন্দ বিজ্ঞাপনের চুক্তিতেই সীমাবদ্ধ ছিলেন, তাহলে তাকে সাক্ষী হিসাবে পেশ করা হবে। আমাদের তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

এ বিষয়ে এখন পর্যন্ত বলিউডের এই সুপারস্টারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এ নিয়ে গোবিন্দর ম্যানেজার সাসি সিনহা জানান, এ ঘটনার সঙ্গে অভিনেতার কোনো যোগাযোগ নেই। একটি কোম্পানির ইভেন্টে গোবিন্দ গিয়েছিলেন এবং তিনি ফেরতও আসেন। এর সঙ্গে সংস্থার ব্যবসা বা ব্র্যান্ডিংয়ের কোনো সম্পর্ক নেই। অর্ধসত্য চারদিকে ঘুরে বেড়াচ্ছে।’

চলতি বছরের শুরুতেই এই ঘটনায় কোম্পানিটির ভারত ও ওডিশার প্রধান গুরতেজ সিং সিন্ধু এবং নিরোধ দাসকে গ্রেপ্তার করা হয়। এই দুজন ছাড়াও বিনিয়োগ পরামর্শদাতা রতনাকর পালাইকেও আগস্টে গ্রেপ্তার করা হয়। ওডিশা পুলিশ জানিয়েছে, ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগের নামে এই কোম্পানি ভদ্রক, ময়ূরভঞ্জ, ভুবনেশ্বরে কমপক্ষে ১০ হাজার মানুষের কাছ থেকে প্রায় ৩০ কোটি টাকা তুলেছিল। এছাড়া উত্তর প্রদেশ, হরিয়ানা, দিল্লি, ঝাড়খণ্ড, পাঞ্জাব, রাজস্থানেও এই সংস্থার জাল ছড়িয়েছিল বলে তদন্তকারীদের ধারণা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি
 

Walton Ads