১৫ হাজারের ঢাকাই শাড়ি কলকাতায় লাখ টাকায় বেচেন অভিনেত্রী
পশ্চিমবঙ্গের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় একজন সফল উদ্যোক্তাও। অভিনয়ের পাশাপাশি তার রয়েছে রেস্তোরাঁ ও শাড়ির ব্যবসা। এবার নিজের শাড়ির ব্যবসায় নতুন মাত্রা যোগ করলেন তিনি। ঢাকা থেকে হরেক ডিজাইনের, রঙের জামদানি শাড়ি কিনে নিয়ে কলকাতায় বিক্রি করছেন সুদীপা।
এই শাড়ি বিক্রি করতে প্রচারণাও চালিয়েছেন এ অভিনেত্রী। তবে তার সেই বিজ্ঞাপনী পোস্ট দেখে অবাক সবাই। কারণ, অনেকের মতে, ঢাকাই জামদানি শাড়িগুলোর দাম মাত্রাতিরিক্ত বেশি নিচ্ছেন তিনি। ফেসবুকে শাড়ির ছবি পোস্ট করে সুদীপা লিখেছেন, ‘ঢাকাই জামদানি শাড়ি। ৫৫,০০০ থেকে ১,৩০,০০০ পর্যন্ত দাম। এ জিনিস সব সময় চাইলেই পাওয়া যায় না। বাংলাদেশের শাড়ি আজ রাতেই চলে যাবে ফেরত। এই কয়টা বাকি রয়ে গেছে। যদি কারো পছন্দ হয় এখনই পেমেন্ট করতে হবে। সব অরজিনাল ঢাকাই।’
এতেই বিস্মিত কলকাতাবাসী। তাদের বক্তব্য, যে শাড়ি বাংলাদেশে পাওয়া যায় ১০-১৫ হাজার টাকায়। সেগুলোই সুদীপা কলকাতায় বিক্রি করতে দাম ধরছেন লাখ টাকা! সুদীপার সেই পোস্ট নিয়ে সমালোচনা, কটাক্ষ করছেন অনেকেই। কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, ‘ম্যাডাম শাড়ির দাম লিখতে গিয়ে আপনি কয়েকটি শূন্য বেশি দিয়ে ফেলেছেন।’ আবার আরেক নেটিজেন লিখেছেন, ‘এত দামি শাড়িগুলি আপনি বিক্রি না করে কলকাতার জাদুঘরে রাখতে পারেন।’
আকাশচুম্বি দাম চাইলেও এরমধ্যেই বিক্রি হয়ে গেছে শাড়িগুলো। বিষয়টি সুদীপা নিজেই জানিয়েছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি