কোনো স্ক্রিপ্টই ভালো লাগছে না: মিম
গেল বছর ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমা দিয়ে আলোচনার তুঙ্গে ছিলেন ঢাকার সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এরপর একের পর এক ছবি দিয়ে পর্দা মাতাচ্ছেন তিনি। গত ২২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত দেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব মিম। সম্প্রতি তার দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে। ওই স্ট্যাটাসে মন খারাপের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘পরাণের ‘অনন্যা’ অথবা দামালের ‘হাসনা’র মতো চরিত্রগুলো করার পেছনে মূল লক্ষ্য ছিল নতুন কিছু করার। কিন্তু আজকাল আমার ক্যারেক্টারগুলোর মধ্যে নতুন কোনো চ্যালেঞ্জ খুঁজে পাচ্ছি না। কেনো স্ক্রিপ্টই ভালো লাগছে না। আমি চাই এমন কিছু করতে যা দিয়ে নিজেকে অন্য লেভেলে নিয়ে যেতে পারি।’
সম্প্রতি নতুন একটি সিনেমার কাজ শেষ করেছেন মিম। ‘দিগন্তে ফুলের আগুন’ নামের এই চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন লেখক, গবেষক, শিশুসংগঠক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের চরিত্রে। আর এই ছবিতে তার স্বামী শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার। ছবিটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি