প্রেমিকা ছেড়ে যাওয়ায় তারকা হয়েছেন মিঠুন!
ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় বহু তরুণীর প্রেমের প্রস্তাব পেয়েছেন বলিউড ও টালিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী। আর সেই মিঠুনই এবার জানালেন, তিনি যাকে ভালোবাসতেন, সেই প্রেমিকাই হঠাৎ করে একদিন তাকে ছেড়ে চলে গিয়েছিলো। ঘটনাটি অবশ্য ঘটেছিল তার ক্যারিয়ারের শুরুতে। তখনও মিঠুন তারকা হয়ে ওঠেননি। সম্প্রতি এক রিয়্যালিটি শো-তে অতীতের সেই দুঃখের স্মৃতিই প্রকাশ্যে আনলেন তিনি।
রিয়্যালিটি শো-তে প্রেম ভাঙায় এক প্রতিযোগীর মন খারাপ ছিল। সেই প্রতিযোগীকে সান্ত্বনা দিতেই মিঠুন নিজের জীবনের ব্যর্থ প্রেমকাহিনি শোনালেন। অভিনেতা বললেন, ‘এ রকমই হয়েছিল আমার। প্রেমে পড়ে গিয়েছিলাম। পাগল হয়ে গিয়েছিলাম রীতিমতো। তার পরে সেটাই হল। মেয়েটি ছেড়ে চলে গেল। তার পরে সময় বদলাল। আমি তারকা হলাম। তার পর আরও বড় তারকা হলাম।’
মিঠুন বলেন, ‘তারকা হয়ে যাওয়ার পর সেই প্রেমিকার সঙ্গে একবার উড়োজাহাজে দেখা হয়েছিল। আমি বসেছিলাম কাছাকাছি সিটেই। কিন্তু মেয়েটি আমার দিকে তাকাচ্ছিলই না। এরপর আমি উঠে মেয়েটির কাছে গিয়ে বললাম, ‘আমার দিকে তাকাচ্ছ না কেন’। ও তখন তাকাল। মনে হল, ওর অনুতাপ হচ্ছে। মেয়েটি বলেছিলো, ‘আমার মনে হয়, আমি ভুল করেছি। আমার ওটা তখন করা উচিত হয়নি।’ এর জবাবে বলেছিলাম, ‘তুমি ওটা না করলে হয়ত এত বড় তারকাও তৈরি হত না। তখন তুমি যা করেছিলে, ঠিক করেছিলে।’ এটা শুনে মেয়েটি কিছুটা আশ্বস্ত হয়েছিল।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি