আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনিকে ঘিরে ফের শুরু হয়েছে নতুন বিতর্ক। কক্সবাজারে এক পুরুষের সঙ্গে হোটেলে অবস্থানের অভিযোগ উঠেছে রিয়ার বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।

সম্প্রতি হিরো আলম নিজের ফেসবুক পেজে একটি ছবি ও ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায়, রিয়া মনি তার কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে একটি হোটেল কক্ষে অবস্থান করছেন। এরপর থেকেই এই ঘটনা নিয়ে অনলাইনে চলছে ব্যাপক আলোচনা।

হিরো আলম অভিযোগ করে বলেন, “রিয়া আমাকে ডিভোর্স না দিয়েই অন্য পুরুষের সঙ্গে হোটেলে রাত কাটাতেন। এবার কক্সবাজারে অভির সঙ্গে ধরা পড়েছে। এভাবে কোনো সংসার টিকতে পারে না।”

তিনি আরও বলেন, “আমি কিছুদিন আগে রিয়াকে ক্ষমা করে দিয়েছিলাম। সে আমাকে বলেছিল বগুড়ায় গিয়ে নতুন করে সংসার শুরু করতে। আমি রাজি হয়ে বাড়ি ঠিক করতে বগুড়ায় যাই। কিন্তু পরে জানতে পারি সে অভির সঙ্গে কক্সবাজারে চলে গেছে।”

এই বিষয়ে জানতে চাইলে রিয়া মনি গণমাধ্যমকে বলেন, “আমি আজকেই হিরো আলমকে ডিভোর্স দিয়েছি। ওর সঙ্গে আর সংসার করা সম্ভব না। ও আগের চেয়ে অনেক বেশি সমস্যা তৈরি করছে।”

রিয়া মনি স্বীকার করেছেন, তিনি কক্সবাজারে গিয়েছিলেন, তবে সেটা কাজের জন্য। বর্তমানে তিনি ঢাকায় রয়েছেন বলে জানান।

এর আগে হিরো আলম অভিযোগ করেন, তার বাবার মৃত্যুর সময় রিয়া পাশে ছিলেন না। তিনি বলেন, “আমার বাবা মৃত্যুশয্যায় ছিলেন, আমি এক মাস হাসপাতালে ছিলাম। রিয়া একবারও দেখতে আসেনি। বাবার মৃত্যুর পরও লাশ দেখতে আসেনি।”

এই বিষয়গুলো নিয়ে বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন হিরো আলম। তিনি বলেন, “সবকিছু মিডিয়ার সামনে তুলে ধরব। ওর চরিত্র এখন সবাই দেখুক।”

রিয়ার বিরুদ্ধে করা হিরো আলমের এসব অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। কেউ হিরো আলমকে সমর্থন করছেন, আবার কেউ তার ব্যক্তিগত জীবন এভাবে প্রকাশ্যে আনার সমালোচনা করছেন।

news