নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে হঠাৎ দেখা করলেন বলিউড সুপারস্টার সালমান খান। রোববার (১ সেপ্টেম্বর) প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভাইজান। এই হঠাৎ সাক্ষাতের খবর প্রকাশ হতেই সিনেদুনিয়ায় শুরু হয়েছে নানা গুঞ্জন।
ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বর লেহ-লাদাখে শুরু হচ্ছে সালমানের নতুন সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিং। সিনেমার বেশ কিছু দৃশ্যের জন্য কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রকের অনুমতি প্রয়োজন। সেই কারণে সরাসরি রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সালমান।
এই সিনেমা নির্মিত হচ্ছে ২০২০ সালের ভারত-চীন সংঘাতকে কেন্দ্র করে। কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন সালমান। চরিত্রের জন্য তিনি মাস দুয়েক ধরে বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন, নিত্যদিন কঠোর অনুশীলন ও প্রেশার চেম্বারে ঘাম ঝরাচ্ছেন।
আগস্টে ছবির কিছু প্রাথমিক দৃশ্যের শুটিং হয়েছে, তবে মূল অ্যাকশন সিকোয়েন্সগুলো ধারণ হবে লেহ-লাদাখে। এজন্য প্রতিরক্ষামন্ত্রকের বিশেষ ছাড়পত্র প্রয়োজন ছিল।
সম্প্রতি সিনেমার টিজার পোস্টার শেয়ার করে ভাইজান আলোচনায় এসেছেন। পোস্টারে তাকে দেখা যায় সেনার পোশাকে, চোখে প্রতিশোধের আগুন এবং রক্তাক্ত চেহারায়। দীর্ঘদিন পর ‘দাবাং’ অবতারে সালমানকে দেখে ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ ছড়িয়ে পড়েছে।
