বাংলাদেশের আলোচিত নায়িকা পরীমনি সবসময়ই খোলামেলা মত প্রকাশের জন্য পরিচিত। ব্যক্তিগত জীবনের মতোই সোশ্যাল মিডিয়াতেও তিনি অকপট। আর সেই কারণেই একাধিকবার বিতর্কে জড়ালেও পাত্তা দেন না কিছুতেই।
৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নিজের ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাস দেন তিনি। সেখানে লেখেন,
“আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ ৬ মাস বিএনপি, পল্টিবাজ, সুবিধাবাদি কারে বলে। দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা।”
এই স্ট্যাটাসের পরই শুরু হয়েছে আলোচনা—কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করলেন পরীমনি?
জল্পনার কেন্দ্রে অপু বিশ্বাস
বিনোদনপাড়া ও সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, এই মন্তব্য সম্ভবত অভিনেত্রী অপু বিশ্বাসকে লক্ষ্য করেই। কারণ ঘটনাপ্রবাহ একেবারে মিলে যাচ্ছে।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, কুষ্টিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন অপু বিশ্বাস। অথচ তিনি আগে আওয়ামী লীগের সংরক্ষিত আসনে মনোনয়ন চাইতে দেখা গিয়েছিল, এমনকি দলের নির্বাচনী প্রচারণাতেও অংশ নিয়েছিলেন।
খোকসায় বিএনপির মঞ্চে অপু
৪ সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোডাউন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভোজে অংশ নেন অপু বিশ্বাস। সঙ্গে ছিলেন অভিনেতা নিরব হোসেন। দুজনকে আমন্ত্রণ জানান খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন।
জনপ্রিয় দুই তারকাকে দেখতে মাঠে ভিড় জমায় বিপুল দর্শক। মঞ্চে বক্তব্যও রাখেন অপু বিশ্বাস। তিনি বলেন,
“ঢাকা থেকে সাত ঘণ্টা জার্নি করে এসেছি শুধু আপনাদের সঙ্গে দেখা করতে। আমি শিল্পী, এটাই আমার পরিচয়। আপনাদের ভালোবাসার কারণেই কাছাকাছি আসি। দুপুর থেকে যে গরমে বসে আছেন, এটা আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ।”
অপু আরও বলেন,
“আমি বগুড়ার মেয়ে, তবে খোকসায় এবারই প্রথম এলাম। রিপন ভাই আপনাদের সেবা করতে চান, আমি চাই আপনারা তাকে সেই সুযোগ দিন। তিনি যদি আপনাদের স্বপ্ন পূরণে কাজ করেন, তবে তার চেয়ে বড় মনের মানুষ আর নেই। আশা করি আপনারা বাংলা চলচ্চিত্রের সাথেও থাকবেন।”
সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া
পরীমনির পোস্ট ঘিরে নেটিজেনদের প্রতিক্রিয়াও বেশ চোখে পড়ার মতো। লাভলী নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন—
“অপু বিশ্বাসের সব নেতাদের সাথেই ভালো সম্পর্ক, এটা সবাই জানে দিদি।”
আরেকজন, জাহেদ আহমেদ মন্তব্য করেন—
“মিডিয়া জগতের সবাই একইরকম। আগে ১ টাকায় পারিশ্রমিক নেওয়ার ঘটনা দেখেছি। এরা সবাই সুবিধাবাদী। ভালো অভিনয় জানে কোথায় কী করতে হয়।”
সবমিলিয়ে, পরীমনির একটি ছোট স্ট্যাটাস এখন রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে বিনোদন জগৎ—সবার আলোচনার কেন্দ্রে।