আবারও ক্যামেরার সামনে ফিরছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বিরতির পর আগামীকাল রবিবার (৫ অক্টোবর) রাজধানীতে শুরু হচ্ছে তার নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং। বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ পরিচালনা করছেন ছবিটি, আর এটিই তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
কিছুদিন ধরে সিনেমাটি নিয়ে গুঞ্জন চলছিল। অবশেষে শুটিং শুরুর আগে মুখ খুললেন নির্মাতা। তিনি জানালেন, দেশপ্রেমকেন্দ্রিক গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘সোলজার’, যেখানে নতুন প্রজন্মের ভাবনা, জীবনবোধ এবং স্বপ্ন বড় পর্দায় তুলে ধরার চেষ্টা থাকবে।
শাকিব খানকে কিভাবে দেখা যাবে, সে প্রসঙ্গে ফাহাদ বলেন,
“গত কয়েক বছরে দর্শক শাকিব ভাইকে যেভাবে দেখেছেন, ‘সোলজার’-এ তিনি একেবারেই ভিন্ন চরিত্রে হাজির হবেন। আমরা চাই, তিনি যেন সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে দাঁড়ান। দেশের আবেগ, ভালোবাসা আর আশা-আকাঙ্ক্ষা যখন জনপ্রিয় নায়কের মাধ্যমে প্রকাশ পাবে, তখন দর্শক সহজেই সংযোগ অনুভব করবেন।”
তিনি আরও জানান, সিনেমাটিতে থাকবে ড্রামা, রোমান্স ও অ্যাকশনের মিশ্রণ। তার ভাষায়, “গল্প ও পরিস্থিতি অনুযায়ী যা প্রয়োজন, আমরা সব রাখব। দর্শক এখানে বৈচিত্র্য পাবেন।”
লাফিং এলিফেন্ট প্রযোজিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে প্রথমবার বড় পর্দায় অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এছাড়া অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশী, রাকিন আবসারসহ আরও অনেকে।