ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি আবারও আলোচনায়—তবে এবার কোনো চলচ্চিত্র নয়, নিজের পোশাকের ব্র্যান্ড ‘বডি’ নিয়ে। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও নাম লিখিয়েছেন এই তারকা। আর চমকপ্রদ ব্যাপার হলো, এই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তার পুত্র শাহীম মুহাম্মদ পূণ্য, যাকে তিনি স্নেহভরে ডাকেন ‘পদ্ম’ নামে।
পরীমণির ভাষায়, মাতৃত্বের বাস্তব অভিজ্ঞতা থেকেই ‘বডি’ ব্র্যান্ডের জন্ম। সন্তান জন্মের পর একজন মা যে শারীরিক ও মানসিক পরিবর্তনের মুখোমুখি হন, তার অনুভব থেকেই তৈরি হয়েছে এই ব্র্যান্ডের পোশাক ও ধারণা।
সম্প্রতি ‘বডি’-র নতুন কালেকশনের ফটোশুটে অংশ নিয়েছে ছোট্ট পদ্ম। মা পরীমণি ফেসবুকে শেয়ার করেছেন সেই মিষ্টি কিছু মুহূর্ত, যা মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়।
এক ভিডিও বার্তায় পরীমণি বলেন,
“সৃজনশীল কিছু জিনিস বাইবর্ন হয়ে থাকে। আমার এই ছোট্ট বাচ্চাটাও তাই। ক্যামেরা ওর জন্য নতুন কিছু না। খুব ছোট থেকেই তো মায়ের শুটিং দেখে বড় হয়েছে সে। ও মনোযোগ দিয়ে ডিরেকশন শোনে, বোঝার চেষ্টা করে, আর নিজের সেরাটা দেয়। মাশআল্লাহ।”
ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি আরও লেখেন,
“আমার পদ্মফুলকে আপনাদের ভালোবাসায় রাখবেন।”
গ্ল্যামারকন্যা পরীমণির ব্যক্তিজীবন যেমন আলোচিত, তেমনি অনুপ্রেরণামূলকও। ভালোবেসে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন তিনি। এ সংসারেই জন্ম নেয় তাদের পুত্র পদ্ম। তবে সম্পর্ক বেশিদিন টেকেনি। পরবর্তীতে একটি কন্যাসন্তান দত্তক নেন পরীমণি—নাম প্রিয়ম। এখন দুই সন্তানকে নিয়ে নিজের মতো করে জীবন সাজাচ্ছেন এই তারকা মা।
ব্যক্তিগত জীবন, মাতৃত্ব আর নিজের ব্র্যান্ড—সবকিছু মিলিয়ে পরীমণি যেন এখন এক নতুন যাত্রায়, যেখানে তিনি কেবল তারকা নন, বরং এক প্রেরণাদায়ী মা ও নারী উদ্যোক্তা।