চিত্রনায়ক শাকিব খানকে কেন্দ্র করে তৈরি হওয়া সিনেমাগুলোর প্রচারণা ও হাইপ নিয়ে সরাসরি মন্তব্য করেছেন প্রযোজক ও নির্মাতা মো. ইকবাল। তার দাবি, ‘প্রিয়তমা’-এর পর থেকে শাকিবের কোনো সিনেমা দর্শকের কাছে সত্যিকার অর্থে সফল হয়নি।
গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইকবাল বলেন,
“আমি যা বলি, সত্যি বলি, মিথ্যা বলি না। শাকিবের সিনেমা নিয়ে যে হাইপ তৈরি হয়, তা আসলে ভুয়া। ‘প্রিয়তমা’-এর পর তার সিনেমাগুলো ব্যবসা করতে পারেনি। কিন্তু ফার্স্ট ক্লাস ডিরেক্টররা তাকে নিয়ে সিনেমা বানায়, ইউটিউব ও ফেসবুক গ্রুপে টাকা দিয়ে প্রচারণা চালানো হয়। বাস্তবে সিনেমাগুলো ব্যবসা করতে পারেনি।”
ইকবাল আরও মনে করেন, এই ভুয়া প্রচারণার কারণে সিনেমা ইন্ডাস্ট্রিতে নকল ও পুনরাবৃত্তির সংস্কৃতি তৈরি হয়েছে। তিনি বলেন,
“অনেকে হিন্দি, তেলেগু বা তামিল সিনেমা থেকে অংশ কপি করে আমাদের সিনেমা বানায়। তারপর প্রচারণায় আকাশচুম্বী দাবি তোলে। মানুষ তো বোঝে—এগুলো নকল। তাই কিছু অর্থ উঠে গেলেও সিনেমাগুলো কখনও প্রকৃত লাভের মুখ দেখে না।”
চলচ্চিত্র সংশ্লিষ্টদের চাটুকারিতার কারণে নতুন নায়কের সুযোগ কমে গেছে বলে অভিযোগ করেছেন ইকবাল। তিনি বলেন,
“চাটুকারদের কারণে দেশে নতুন নায়ক তৈরি হচ্ছে না। যাদের সবাই মেধাবী বা ফার্স্ট ক্লাস ডিরেক্টর বলে, তারা এক নায়ককে (শাকিব খান) চামচামি করে ওপরে তুলে রাখে। ফলস্বরূপ, এক নায়কের প্রভাব থেকে শিল্পক্ষেত্র মুক্ত হতে পারছে না। যদি সৎ প্রতিযোগিতা থাকত, অনেক নতুন প্রতিষ্ঠিত নায়ক গড়ে উঠত।”
বর্তমানে নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন ইকবাল। তিনি বলেন,
“দেশের পরিস্থিতি এখন খুব একটা ভালো না। তাই একটু সময় নিচ্ছি। অনন্ত জলিলকে নিয়ে একটি সিনেমা বানানোর ব্যাপারে আলোচনা প্রায় চূড়ান্ত। সময় ও পরিস্থিতি উপযুক্ত হলে কাজ শুরু করব।”