সম্প্রতি মুক্তি পাওয়া এফ. কে. ডলার পরিচালিত একক নাটক ‘তুমি আমার কে’ এখন ইউটিউবে বেশ সাড়া ফেলেছে। ইমু এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত নাটকটি ইতোমধ্যে দর্শকদের মন জয় করেছে। নাটকের প্রধান চরিত্রে ছিলেন ইমু শিকদার, সঙ্গে আরও অভিনয় করেছেন সুজন হাবিব, লিটন সানজিদা মিলা, বাঁধন, খোরশেদ আলম প্রমুখ।

দর্শকদের এমন উষ্ণ সাড়া পাওয়ায় আয়োজন করা হয় এক ঘরোয়া উদযাপন অনুষ্ঠান। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের এক রেস্তোরাঁয় আয়োজনটি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ইমু শিকদার, লিটন সানজিদা মিলা, বাঁধন, খোরশেদ আলমসহ নাটকের টিমের সদস্যরা। এছাড়া অতিথি হিসেবে ছিলেন জনপ্রিয় অভিনেতা সাব্বির আহমেদ, মুরাদ পারভেজ, শাহীন মৃধাসহ আরও অনেকে।

অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা শেয়ার করে ইমু শিকদার বলেন,

“ডলার ভাই সবসময় আমার ওপর ভরসা করেন। ‘তুমি আমার কে’ নাটকেও সেই ভরসার জায়গাটা ছিল। আমি এই নাটকে ‘খাদিজা’ চরিত্রে কাজ করেছি। কাজ করার সময় ভাবিনি, এমন সাড়া পাব! আমাদের পুরো টিম জানপ্রাণ দিয়ে কাজ করেছে। সামনে আরও কিছু কাজ আসছে, যা দর্শককে মুগ্ধ করবে। সাংবাদিক ভাই-বোনদের কাছে কৃতজ্ঞ—আমাদের পাশে থাকার জন্য।”

সহঅভিনেত্রী সানজিদা মিলা বলেন,

“ডলার ভাইয়ের গল্প শুনে আমি বরগুনা থেকে ঢাকায় চলে আসি, শুধু এই নাটকটার জন্য। গল্পটা অসাধারণ ছিল, আর এই টিমের সঙ্গে কাজ করে সত্যিই দারুণ অভিজ্ঞতা হয়েছে।”

অভিনেতা সাব্বির আহমেদ জানান,

“অনেকদিন পর আবার কাজে ফিরেছি। এই টিমের সঙ্গে আমার ‘মানুষ না মানুষ’ নাটক শিগগিরই মুক্তি পাবে। সবার কাছে দোয়া চাই।”

একই টিমের সঙ্গে নতুন কাজে যুক্ত হচ্ছেন মুরাদ পারভেজ। তিনি বলেন,

“অনেকদিন পর কাজ শুরু করেছি। সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই। সামনে এই টিমের সঙ্গে আমার আরও কিছু প্রজেক্ট আসছে।”

অভিনেতা শাহীন মৃধা বলেন,

“ডলার ভাই খুব সিরিয়াসলি কাজ করেন। তার সঙ্গে আগেও কিছু ভালো কাজ করেছি। সামনে আরও কিছু প্রজেক্ট আসছে, দোয়া করবেন।”

সবশেষে কৃতজ্ঞতা জানিয়ে পরিচালক ফিরোজ কবির ডলার বলেন,

“আমি যখন টেলিভিশনের চাকরি ছেড়ে নিজস্বভাবে কাজ শুরু করি, তখন শুরুতে খুব কষ্ট হয়েছিল। ধীরে ধীরে একটা টিম তৈরি হয়, আর এখন মানুষ আমার কাজ পছন্দ করছেন—এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। খুব শিগগিরই নতুন কিছু প্রজেক্ট নিয়ে হাজির হবো।”

‘তুমি আমার কে’-এর সাফল্য এখন পুরো টিমের প্রেরণা হয়ে উঠেছে। দর্শকরা যেমন ভালোবাসা দেখিয়েছেন, তেমনি নির্মাতা-অভিনেতারাও আরও বড় চমক নিয়ে ফিরবেন শিগগিরই।

 

Walton Ads