বলিউডের গ্ল্যামার জগতে বিয়ের পরেও তারকারা যেন নতুন ট্রেন্ড তৈরি করেন। এবার আলোচনার কেন্দ্রে কিয়ারা আদভানি—তার মঙ্গলসূত্র নিয়েই চমকে গেছে নেটিজেনরা! কারণ, এই ছোট্ট অলংকারটির দাম নাকি ২ কোটি রুপি, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ৭৪ লাখ!
হিন্দু কনের জন্য মঙ্গলসূত্র শুধু একটি গহনা নয়, এটি ভালোবাসা ও অঙ্গীকারের প্রতীক। তবে বলিউড তারকাদের ক্ষেত্রে এটি হয়ে উঠেছে ফ্যাশনের নতুন সংজ্ঞা। কিয়ারা-সিদ্ধার্থের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি।
দীর্ঘদিন প্রেম করার পর ‘শেরশাহ’ সিনেমার প্রেমিক যুগল সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি গত ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমীরে সাতপাকে বাঁধা পড়েন। বিয়ের পর থেকেই এই জুটির প্রতিটি পদক্ষেপ আলোচনার জন্ম দিয়েছে, এবার তা আরও একবার প্রমাণিত হলো কিয়ারার মঙ্গলসূত্রে।
বলিউড শাদি ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, কিয়ারা এখন বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী, আর তাঁর মঙ্গলসূত্রও সেই মানেরই প্রতিফলন। এই গহনাটি উপহার দিয়েছেন তাঁর স্বামী সিদ্ধার্থ মালহোত্রা।
এই রাজকীয় মঙ্গলসূত্রে রয়েছে সোনার চিকন চেন, কালো রঙের ঐতিহ্যবাহী পুঁতি, আর মাঝখানে বসানো বিশাল এক হীরার পেনডেন্ট, যা পুরো গহনাটিকে দিয়েছে এক অনন্য আভা।
ভক্তদের মধ্যে এখন একটাই আলোচনা—এই মঙ্গলসূত্র শুধু ভালোবাসার নয়, বরং স্টাইল ও স্ট্যাটাসের প্রতীকও বটে!
চলতি বছরের ফেব্রুয়ারিতে এই তারকা দম্পতি এক যৌথ বিবৃতিতে বাবা-মা হওয়ার ঘোষণাও দিয়েছেন, যা তাঁদের ভক্তদের আনন্দে ভরিয়ে দিয়েছে।