গুণী নাট্যনির্মাতা মাতিয়া বানু শুকু ক্যানসারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই তথ্য জানিয়েছেন নাট্যকার গোলাম রাব্বানী, যিনি তার ঘনিষ্ঠজন।
“শুকু আপা ও আতিক ভাই আমার দ্বিতীয় পরিবার। শুকু আপা গুরুতর অসুস্থ হয়ে চেন্নাইতে কেমোথেরাপি নিচ্ছেন। আতিক ভাই তার পাশে আছেন। আরও ১২ সপ্তাহ চেন্নাইতে থাকতে হবে।”
রোগ মুক্তি কামনা করে তিনি যোগ করেছেন,
“শুকু আপাকে আমি ‘আয়রন লেডি’ হিসেবেই মানি। প্রার্থনা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসবেন।”
পরিচালক চয়নিকা চৌধুরী মাতিয়া বানু শুকুর সঙ্গে তোলা কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে লিখেছেন,
“মাতিয়া বানু শুকু আপু, অনেক ভালো থেকো। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। ভালোবাসা সবসময় তোমার জন্য। সব ঠিক হয়ে যাবে।”
তিনি আরও লিখেছেন,
“আমাদের শুকু আপু অসুস্থ হয়ে চেন্নাইতে। তার কেমো চলছে। সবাই দোয়া করবেন প্লিজ।”
২০২০ সালের নভেম্বরের শেষ দিকে অসুস্থ হয়ে পড়লে মাতিয়া বানু শুকুকে রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার জরায়ুতে টিউমার ধরা পড়ে, এবং জরুরিভিত্তিতে সফল অস্ত্রোপচার করা হয়। জানা যায়, আড়াই বছর ধরে তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন।
নাট্যাঙ্গনে বিশেষ পরিচিতি রয়েছে মাতিয়া বানু শুকুর। উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘ধন্যি মেয়ে’ প্রভৃতি। ব্যক্তিগত জীবনে তিনি পরিচালক নূরুল আলম আতিকের সঙ্গে ঘর বেঁধেছেন। এর আগে সরকারি অনুদানপ্রাপ্ত ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন শুকু-আতিক দম্পতি।
২০২২-২৩ অর্থবছরে ‘লাল মিয়া’ সিনেমাটিও সরকারি অনুদান পেয়েছে। এতে প্রযোজক হিসেবে রয়েছেন মাতিয়া বানু শুকু এবং পরিচালনা করবেন নূরুল আলম আতিক।