বলিউড তারকা আমির খান ও রিনা দত্তের বিচ্ছেদ তাদের মেয়ে ইরা খানের জীবনে বড় ধাক্কা হয়ে এসেছিল। এরপর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগতে শুরু করেন। ইরা নিজেই জানিয়েছেন, একসময় তার অবস্থা আরও খারাপের দিকে যায়।
তবে ইরার বিয়ের পর থেকে জীবনে বদল আসতে শুরু করে। গত আট বছর ধরে তিনি ওষুধ খাচ্ছেন এবং নিয়মিত চিকিৎসা চলছে।
সম্প্রতি ইরা জানিয়েছেন, তিনি তার থেরাপির শেষ সেশন শেষ করেছেন। আত্মতৃপ্তির সঙ্গে তিনি বলেন, “অবসাদের সঙ্গে লড়াইয়ের পরীক্ষায় আমি পাস করেছি।” বহু বছর ধরে মানসিক অবসাদের সঙ্গে লড়াই করা ইরা সবসময় নিজের মনের অস্থিরতার কথা খোলাখুলি বলে এসেছেন।
তবে তিনি পরিষ্কার করেছেন, থেরাপি শেষ হওয়ার মানে এই নয় যে তিনি পুরোপুরি সুস্থ। এখনও তাকে ওষুধ খেতে হবে।
ইরা বলেন, “আমাকে আর থেরাপি নিতে হবে না। আমার চিকিৎসক আমার ওপর ভরসা রাখছেন। আমি নিজেই এখন থেকে আমার জীবন চালাতে পারব। অন্যদের যত্ন নিতে পারব। শুধু তাই নয়, আমি সুস্থভাবে, আনন্দের সঙ্গে বাকি জীবন কাটাতে পারব।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতে যদি এমন সমস্যা হয়, আমি সেটা সামলে নিতে পারব। আর যদি না পারি, তবে সাহায্য চাইব।”
আট বছরের দীর্ঘ লড়াই শেষ করে ইরা বলেন, “হয়তো এটা বড় কিছু নয়, তবু মনে হচ্ছে আমি পাস করে গেছি।”