তুর্কি অভিনেত্রী হান্দে এর্চেল—‘গুনেশিন কিজলারি’, ‘আর্সক লাফতান আনলামাজ’ ও ‘সেন কাল কাপিমি’ সিরিজের মাধ্যমে বাংলাদেশি দর্শকদের কাছেও বেশ পরিচিত মুখ। সম্প্রতি বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ঘিরে এক বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়ায় দাবি ওঠে, শাহরুখ খানকে নাকি ‘কাকু’ বলেছেন হান্দে এর্চেল। কিন্তু সত্যিই কি এমন মন্তব্য করেছিলেন তিনি?

গত কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছে। নেটিজেনদের একাংশ হান্দেকে নিয়ে ট্রলও শুরু করেন। এই দাবির সত্যতা যাচাই করতে বিষয়টি খতিয়ে দেখেছে রাইজিংবিডি ডটকম।

কিছুদিন আগে সৌদি আরবের রিয়াদে বসে জমকালো ‘জয় অ্যাওয়ার্ড ২০২৬’। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বলিউড বাদশা শাহরুখ খান। সেখানকার একটি ভিডিও থেকেই এই বিতর্কের সূত্রপাত।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দর্শকসারিতে বসে মঞ্চের দিকে মোবাইল তাক করে ভিডিও ধারণ করছেন হান্দে এর্চেল। ঠিক তখন শাহরুখ খান পুরস্কার তুলে দিচ্ছিলেন মিশরীয় অভিনেত্রী আমিনা খলিলের হাতে। উল্লেখ্য, আমিনা খলিল হান্দে এর্চেলের ঘনিষ্ঠ বন্ধু।

ভিডিওটি দেখে অনেক নেটিজেন ধরে নেন, হান্দে শাহরুখ খানকেই ভিডিও করছিলেন। কেউ কেউ এটিকে ‘ফ্যানগার্ল মোমেন্ট’ বলেও আখ্যা দেন। ভিডিওটি দ্রুত বিভিন্ন ফ্যান পেজে ছড়িয়ে পড়ে, বিশেষ করে ভারতীয় দর্শকদের মধ্যে। অনেকে শাহরুখ খানের আন্তর্জাতিক জনপ্রিয়তার প্রশংসাও শুরু করেন। এতক্ষণ পর্যন্ত সবকিছু স্বাভাবিকই ছিল।

কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। একটি ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে শাহরুখ খান, পাশে অভিনেত্রী আমিনা খলিল। ছবিটির ওপর লেখা—
“এই আঙ্কেল (কাকু/কাকা) কে? আমি আমার বন্ধুর ভিডিও করছিলাম। আমি তার ভক্ত নই। দয়া করে ভুল তথ্য ছড়ানো বন্ধ করুন।”

দাবি করা হয়, এই লেখাটি নাকি হান্দে এর্চেল নিজেই পোস্ট করেছেন। স্ক্রিনশটটি ছড়িয়ে পড়তেই শাহরুখ খানের ভক্তদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং অনলাইনে হান্দেকে নিয়ে ট্রল শুরু হয়। তবে খুব দ্রুতই ওই স্ক্রিনশটের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

বিষয়টি হান্দে এর্চেলের নজরেও আসে। এরপর নিজের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) ভাইরাল স্ক্রিনশটটি পোস্ট করে তিনি স্পষ্টভাবে লেখেন—“এটি মিথ্যা।” অর্থাৎ শাহরুখ খানকে ‘কাকু’ বলার দাবি পুরোপুরি ভুয়া বলে জানান অভিনেত্রী।

হান্দের এই প্রতিক্রিয়ার পর শাহরুখ খানের অনেক ভক্তই তার কাছে ক্ষমা চান এবং তার পাশে দাঁড়ান। ভুয়া খবরের বিরুদ্ধে মুখ খোলার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে অসংখ্য মন্তব্য ভেসে আসে। প্রিয়াঙ্কা নামে একজন লেখেন, “ভুয়া তথ্য ছড়ানো সত্যিই বিব্রতকর। সাহস করে সত্য বলার জন্য ধন্যবাদ।”

উল্লেখ্য, ১৯৯৩ সালের ২৪ নভেম্বর তুরস্কের বান্দিরমা শহরে জন্মগ্রহণ করেন হান্দে এর্চেল। তিনি ফাইন আর্টসে পড়াশোনা করেছেন। ২০১২ সালে আজারবাইজানে অনুষ্ঠিত একটি সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়ে শোবিজে তার পথচলা শুরু হয়।

২০১৪ সালে ‘দ্য রেন’ সিরিজে পার্শ্ব চরিত্রের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন হান্দে। ২০১৫ সালে ‘গুনেশিন কিজলারি’ সিরিজে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর ‘আর্সক লাফতান আনলামাজ’ ও ‘সেন কাল কাপিমি’ তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। টিভি সিরিজের পাশাপাশি দুটি তুর্কি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

২০২৪ সালে ‘এফআইসিসিআই ফ্রেমস’-এ অংশ নিতে ভারতে এসেছিলেন হান্দে এর্চেল। সে সময় পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বলিউডে কাজ করতে আগ্রহী তিনি। হৃতিক রোশান, আমির খান ও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কাজ করার ইচ্ছার কথাও জানান এই অভিনেত্রী।

 

Walton Ads