ভারতের জনপ্রিয় অভিনেতা এবং তামিলনাড়ুর তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের প্রধান থালাপতি বিজয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার লড়াই শুধু নির্বাচনের জন্য নয়, বরং গণতন্ত্রের জন্য। যারা এই যুদ্ধে তার পাশে থাকবে, তিনি তাদেরই ‘কমান্ডো’ বলে ডাকছেন।
রোববার (২৫ জানুয়ারি) তামিলনাড়ুর মামল্লাপুরমে অনুষ্ঠিত এক কৌশলগত দলীয় বৈঠকে এই শক্ত অবস্থানের কথা জানান তিনি। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ এবং তার আসন্ন সিনেমা মুক্তিতে বাধার মতো ঘটনার পরই তিনি এই কড়া বার্তা দেন।
বিজয় জানান, কোনোরকম চাপের মুখে তিনি আত্মসমর্পণ করবেন না এবং মাথা নত করবেন না। ওই বৈঠকে রাজ্য ও জেলা পর্যায়ের প্রায় তিন হাজার দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনেই প্রথমবারের মতো সরাসরি ভোটযুদ্ধে অংশ নেবে বিজয়ের টিভিকে দল।
বৈঠকে তিনি ক্ষমতাসীন ডিএমকে এবং প্রধান বিরোধী দল এআইএডিএমকে—উভয় পক্ষকেই কড়া ভাষায় আক্রমণ করেন। তার অভিযোগ, রাজনীতির মানুষেরা এখন ‘আন্না’কে ভুলে গেছে। এমনকি যাদের দলের নামেই ‘আন্না’ আছে, তারাও তাকে স্মরণ করে না। এখানে ‘আন্না’ বলতে তিনি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দ্রাবিড় রাজনীতির পথিকৃৎ সিএন অন্নাদুরাইকে বোঝাচ্ছেন।
ভোটকেন্দ্র নিয়ে মন্তব্য করতে গিয়ে বিজয় বলেন, ক্ষমতাসীন দলগুলোর জন্য ভোটকেন্দ্রগুলো ভুয়া ভোটের আখড়ায় পরিণত হয়। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, “প্রতিটি ভোটকে রক্ষা করো, প্রতিটি মানুষের সঙ্গে দেখা করো।” তার দাবি, ‘অশুভ শক্তি’ ডিএমকে এবং ‘দুর্নীতিগ্রস্ত শক্তি’ এআইএডিএমকের বিরুদ্ধে লড়াই করার সাহস একমাত্র তার টিভিকে দলেরই আছে।
টিভিকে নেতারা জানিয়েছেন, তারা সোমবার (২৬ জানুয়ারি) থেকেই রাজ্যব্যাপী ব্যাপক প্রচার অভিযান শুরু করবে। এই সফরে তামিলনাড়ুর সব ২৩৪টি বিধানসভা আসন ঘুরে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা চালানো হবে। এখনও পর্যন্ত টিভিকে কোনো রাজনৈতিক জোটের ঘোষণা দেয়নি। নেতাদের বক্তব্য, জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র থালাপতি বিজয়ই নেবেন। বৈঠকেই বিজয় বলেন, “আমরা কোনো বন্ধু ছাড়াই একাই জিতব।”
৫১ বছর বয়সী এই সুপারস্টার সাম্প্রতিক কয়েক মাসে রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে শিরোনামে রয়েছেন। গত সেপ্টেম্বরে তামিলনাড়ুর কারুরে তার একটি সমাবেশে পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় সিবিআই তদন্ত করছে এবং দিল্লিতে বিজয়কে দুই দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া তার সিনেমা ‘জানা নায়াগান’-এর মুক্তি সেন্সর বোর্ড আটকে দিলে বিষয়টি তোলপাড় ফেলে দেয়। সিনেমাটি মুক্তির পথে বাধা দূর করতে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।