মুম্বাই মেট্রো রেলের ভেতরে হাতল ধরে শরীরচর্চা করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। চলন্ত ট্রেনের ভেতরে এমন কর্মকাণ্ডকে ‘বিপজ্জনক’ ও ‘দণ্ডনীয় অপরাধ’ বলে উল্লেখ করে অভিনেতাকে সতর্ক করেছে মুম্বাই মেট্রো কর্তৃপক্ষ।
ভারতীয় গণমাধ্যম জানায়, গত শনিবার যানজট এড়াতে মেট্রোতে করে একটি প্রেক্ষাগৃহে যাচ্ছিলেন বরুণ। সে সময় ভেতর থেকে ভক্তদের উদ্দেশ্যে একটি ভিডিও শেয়ার করেন তিনি। কিছুক্ষণ পরই সামাজিক মাধ্যমে আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়—চলন্ত মেট্রোর ভেতরে ওভারহেড মেটালের হাতল ধরে পুল-আপস করছেন বরুণ। তার পাশে অন্য যাত্রীদের দাঁড়িয়ে থাকতেও দেখা যায়।
ঘটনাটি নজরে আসার পর মুম্বাই মেট্রো কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে বরুণকে ট্যাগ করে। সঙ্গে একটি নিরাপত্তা নির্দেশিকা জারি করে বলা হয়, এই ভিডিওর সঙ্গে আপনার অ্যাকশন সিনেমার মতো একটি সতর্কবার্তা থাকা উচিত ছিল। মুম্বাই মেট্রোতে এটি করবেন না। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া ঠিক আছে, কিন্তু হাতলগুলো ঝুলে থাকার জন্য নয়।
কর্তৃপক্ষ আরও জানায়, মেট্রো রেলওয়ে অ্যাক্ট ২০০২ অনুযায়ী এ ধরনের কাজ বিশৃঙ্খলা সৃষ্টি বা সরকারি সম্পত্তির ক্ষতি করার আওতায় পড়ে, যা দণ্ডনীয় অপরাধ। অপরাধের গুরুত্ব বিবেচনায় জরিমানা এমনকি কারাদণ্ডও হতে পারে।
এদিকে বরুণ ধাওয়ান বর্তমানে তার নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বর্ডার টু’-এর সাফল্য উদযাপন করছেন। অনুরাগ সিং পরিচালিত এই ছবি ১৯৯৭ সালের কালজয়ী যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বর্ডার’-এর সিক্যুয়েল। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় বরুণের সঙ্গে অভিনয় করেছেন সানি দেওল, দিলজিৎ দোসাঞ্জ ও আহান শেঠি।