ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের আকস্মিক অবসরের ঘোষণায় কার্যত স্তব্ধ তার ভক্ত-শ্রোতারা। মাত্র দিন দুয়েক আগে খুব সংক্ষিপ্ত বার্তায় তিনি জানিয়ে দেন, সিনেমার গানের জগৎ থেকে সরে দাঁড়াচ্ছেন। সেই ঘোষণার পর থেকেই নতুন করে গুঞ্জন—রাজনীতিতে নামতেই কি এমন বড় সিদ্ধান্ত নিলেন অরিজিৎ?

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র এক প্রতিবেদনে উঠে এসেছে এই জল্পনার কথা। প্রতিবেদনে অরিজিৎ ঘনিষ্ঠ ও পশ্চিমবঙ্গের কয়েকটি সূত্রের দাবি, অরিজিৎ সিং শুধু রাজনীতিতে যোগই দিতে পারেন না, বরং নিজস্ব একটি রাজনৈতিক দল গঠনের ভাবনাও নাকি তার রয়েছে। সূত্রগুলোর মতে, সিনেমার গান থেকে সরে আসা এই পথকে তার জন্য আরও সহজ করে দেবে।

আরও জানা যাচ্ছে, শুরুতে অরিজিৎ তৃণমূল স্তরে কাজ শুরু করতে পারেন এবং পরে নির্বাচনী রাজনীতিতে সক্রিয় হওয়ার পরিকল্পনাও থাকতে পারে। তবে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না—এমন কথাও শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে অরিজিৎ সিংয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অরিজিৎ। সেখানে তিনি লেখেন, শ্রোতা হিসেবে এত বছর ধরে যে ভালোবাসা পেয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে জানিয়ে দেন, প্লেব্যাক গায়ক হিসেবে আর কোনো নতুন কাজ তিনি করছেন না এবং এখানেই ইতি টানছেন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্ম নেওয়া অরিজিৎ সিং গত এক দশকে ‘তুম হি হো’, ‘চান্না মেরেয়া’, ‘কেশরিয়া’র মতো অসংখ্য কালজয়ী ও জনপ্রিয় গান উপহার দিয়েছেন। প্লেব্যাক থেকে সরে গেলেও, তিনি ভবিষ্যতে স্বতন্ত্র কোনো সংগীত প্রজেক্ট বা কনসার্টে যুক্ত থাকবেন কি না—সে প্রশ্নের উত্তর এখনো অজানা। আর সেখানেই ভক্তদের কৌতূহল আরও বেড়েই চলেছে।

 

Walton Ads