শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সুরাটে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (আইএসপিএল) ম্যাচে হাজির হয়েছিলেন বলিউডের ভাইজান সালমান খান। বেঙ্গালুরু স্ট্রাইকার্স আর দিল্লি সুপারহিরোসের মধ্যে চলা ম্যাচে তিনি এসেছিলেন তার আসন্ন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’-এর প্রচার করতে। সেখানেই টিজারের লুক নিয়ে যে ট্রলের শিকার হয়েছেন, তার মজার জবাবও দিয়ে দিলেন।
গত মাসে মুক্তি পাওয়া ছবিটির এক মিনিটের টিজারে সালমানকে লাঠি হাতে দেখা গেছে—সৈন্যদের যুদ্ধের জন্য একত্রিত করছেন। শত্রুপক্ষ বন্দুক নিয়ে এগিয়ে আসলেও তিনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন। কিন্তু এই লুক আর দৃষ্টিভঙ্গি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে যায়। অনেকে মজা করে বলতে থাকেন—এটা তো ‘রোমান্টিক লুক’!
আইএসপিএল ম্যাচ চলাকালীন আবার সেই মুহূর্ত সামনে এলো। সালমান মাঠে উপস্থিত হতেই সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ তাকে একটা ব্যাট দিয়ে টিজারের সেই দৃশ্যটা পুনরায় তুলে ধরতে বলেন। সালমান হাসিমুখে ট্রলিংয়ের কথা স্বীকার করে বলেন,
“এখন অনেকে মনে করছেন এটা রোমান্টিক লুক। কিন্তু আমি তো একজন কর্নেল, ভাই! এটা একজন কর্নেলের লুক—যিনি জানেন কীভাবে তার দল ও সৈন্যদের অনুপ্রাণিত করতে হয়, আশা জাগাতে হয়।”
তিনি আরও যোগ করেন, “আমি চাইলে অন্যরকম লুকও দিতে পারি (গর্জন করে দেখান), কিন্তু তার কোনো মানে নেই। গালওয়ানের যুদ্ধের ক্ষেত্রে সেটার কোনো মানে নেই।”
‘ব্যাটল অব গালওয়ান’ ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। সালমান খান ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন সালমান নিজেই। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে সালমানের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং।