দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাজেশ। বেশ কয়েকটি হিট ছবিতে অভিনয় করে ইতোমধ্যেই নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। কিন্তু তার এই যাত্রা একেবারেই সহজ ছিল না। সম্প্রতি সেই কঠিন সময়ের কথা নিজেই ফাঁস করেছেন অভিনেত্রী। ক্যারিয়ারের একদম গোড়ায় তাকে যৌন হয়রানি ও অপমানের শিকার হতে হয়েছিল বলে নিখিল বিজেন্দ্রর পডকাস্টে জানান তিনি।

ঐশ্বরিয়া বলেন, তার ক্যারিয়ারের প্রাথমিক সময়ে তাকে একটি ফটোশুটের জন্য ডাকা হয়। তখন তার বয়স খুবই কম ছিল। তাই নিরাপত্তার কথা ভেবে তিনি তার বড় ভাইকে সঙ্গে নিয়ে ওই স্টুডিওতে যান। কিন্তু সেখানে পৌঁছানোর পর পরিস্থিতি হঠাৎই পাল্টে যায়। ফটোগ্রাফার এক কৌশলে তার বড় ভাইকে বাইরে অপেক্ষা করতে বলেন।

অভিনেত্রীর ভাষায়, "ফটোগ্রাফার আমাকে ভেতরের একটি রুমে নিয়ে গিয়ে ছোট, অপ্রাপ্তবয়স্কদের পোশাক পরতে বলেন এবং আমার উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করেন। আমি তখন একদমই অপ্রস্তুত ছিলাম, প্রায় তার কথা মানতে যাচ্ছিলাম। কিন্তু ঠিক সেই সময় আমার অন্তরাত্মাই আমাকে থামিয়ে দেয়।"

সেই বিপজ্জনক পরিস্থিতি থেকে কীভাবে বের হন? ঐশ্বরিয়া জানান, "আমি ভাইয়ের অনুমতি নেওয়ার কথা বলে কোনো রকমে সেই জায়গা থেকে সরে আসি।" এমনকি এই ঘটনার কথা তিনি আজও তার ভাইকে বলেননি বলেও স্বীকার করেন তিনি।

এর বাইরে আরেকটি ঘটনার কথাও বলেন তিনি। একবার একটি সিনেমার শুটিংয়ে মাত্র কয়েক মিনিট দেরি করে পৌঁছানোর কারণে একজন পরিচালক তাকে সবার সামনে খুবই আপত্তিকর ভাষায় অপমান করেন। ঐশ্বরিয়ার কথায়, "সেখানে অনেক জুনিয়র শিল্পী উপস্থিত ছিলেন। তাদের সামনেই আমাকে অপমান করা হয়েছিল, যা আমাকে মানসিকভাবে খুবই আহত করেছিল।"

 

Walton Ads