বলিউডের জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠির বাড়িতে মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনার দায় স্বীকার করেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। শুধু দায় নেওয়াই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি হত্যার হুমকিও দিয়েছে তারা। এই ঘটনায় বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে পুলিশ সূত্র জানায়, শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৪০ মিনিট থেকে একটার মধ্যে মুম্বাইয়ের জুহু এলাকায় রোহিত শেঠির বাসভবনের বাইরে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। এর মধ্যে একটি গুলি ওই আবাসনের জিমের কাচের দেয়ালে গিয়ে লাগে।

ঘটনায় কেউ আহত না হলেও মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফরেনসিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আশপাশের এলাকায় নিরাপত্তাও জোরদার করা হয়।

পুলিশ জানিয়েছে, সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে গুলিবর্ষণের উদ্দেশ্য ও এর পেছনের নেটওয়ার্ক শনাক্তে তদন্ত চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি রোহিত শেঠি।

এদিকে ঘটনার পর ‘শুভম লোঙ্কের’ নামে একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে গুলিবর্ষণের দায় স্বীকার করে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা হয়, “আজ আমরা পরিচালক রোহিত শেঠির মুম্বাইয়ের বাড়িতে গুলিবর্ষণের ঘটনার দায় নিচ্ছি।”

পোস্টে আরও ভয়ংকর হুমকি দিয়ে বলা হয়, “এটা ছিল শুধু একটা ঝলক। কথা না শুনলে পরের গুলিটা বাড়ির বাইরে নয়, বেডরুমে ঢুকে বুকে গিয়ে লাগবে।”

ওই পোস্টে পুরো বলিউডের প্রতিও সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। তদন্তকারীরা জানান, পোস্টগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সাইবার সেল সক্রিয়ভাবে কাজ করছে।

ঘটনার তদন্তে রোববার পুণের ধয়ারী ও কার্ভেনগর এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ। আটকরা হলেন আমন আনন্দ মারোতে (২৭), আদিত্য জ্ঞানেশ্বর গায়কি (১৯), সিদ্ধার্থ দীপক যেনপুরে (২০), সমর্থ শিবশরণ পোমাজি (১৮) এবং স্বপ্নীল সকত (২৩)। তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের সঙ্গে মুম্বাইয়ের ঘটনার যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।

এর আগেও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির মুখে পড়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। ২০২৪ সালের এপ্রিলে মুম্বাইয়ে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলিবর্ষণের ঘটনার সঙ্গেও এই গ্যাংয়ের নাম জড়ায়।

একই বছরের অক্টোবরে প্রকাশ্যে বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যার দায় স্বীকার করেছিল এই গোষ্ঠী। পাশাপাশি অভিনেত্রী দিশা পাটানি, ইউটিউবার এলভিশ যাদব এবং বিদেশে কয়েকজন ভারতীয় শিল্পীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

 

news