নেটফ্লিক্সের রাজকীয় ড্রামা সিরিজ ‘দ্য ক্রাউন’–এর মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত ব্রিটিশ অভিনেত্রী ক্লেয়ার ফয় সম্প্রতি নিজের জীবনের এক চমকে দেওয়া শারীরিক সমস্যার কথা প্রকাশ করেছেন। তিনি জানান, দীর্ঘ পাঁচ বছর ধরে অজান্তেই শরীরের ভেতরে পরজীবী বহন করছিলেন তিনি। ৪১ বছর বয়সী এই অভিনেত্রীর ধারণা, মরক্কো ভ্রমণের সময়ই কোনোভাবে এই সংক্রমণের শিকার হয়েছিলেন।
জনপ্রিয় পডকাস্ট ‘টেবিল ম্যানার্স’–এ অংশ নিয়ে জেসি ও লেনি ওয়্যারের সঙ্গে আলাপে ক্লেয়ার ফয় তার এই কষ্টকর অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন,
“বেশ কয়েক বছর আগে আমি পরজীবী দ্বারা সংক্রমিত হই। অভিজ্ঞতাটা ছিল ভীষণ বিরক্তিকর। কোনো কারণ ছাড়াই আমার ওজন কমছিল, কিন্তু বুঝতেই পারছিলাম না আসলে কী হচ্ছে।”
চিকিৎসকের কাছে গিয়ে আসল কারণ জানার পর মানসিকভাবে বেশ ধাক্কা খান তিনি। চিকিৎসকের কথা উদ্ধৃত করে হালকা হাসির ছলে ক্লেয়ার বলেন, পরজীবীগুলো নাকি জোড়ায় জোড়ায় ঘুরে বেড়াত—যা শুনে তার কাছে বিষয়টি আরও বেশি ভয়ংকর ও জঘন্য লেগেছিল।
এই সংক্রমণ থেকে মুক্তি পেতে ক্লেয়ার ফয়কে খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আনতে হয়। কড়া অ্যান্টিবায়োটিক নিতে অনিচ্ছুক হওয়ায় তিনি বিকল্প পদ্ধতিতে ‘প্যারাসাইট ক্লিনজিং’ শুরু করেন। এর অংশ হিসেবে তিনি পুরোপুরি ক্যাফেইন ত্যাগ করেছেন।
খাদ্যাভ্যাস প্রসঙ্গে তিনি আরও জানান, বর্তমানে তিনি চিনি ও গ্লুটেনমুক্ত খাবার খাওয়ার চেষ্টা করছেন। একটি অটো-ইমিউন কন্ডিশন নিয়ন্ত্রণে রাখতেই এই কঠোর নিয়ম মেনে চলছেন তিনি। শরীরের প্রদাহ কমাতে বাইরের খাবার খাওয়ার ক্ষেত্রেও তিনি এখন বেশ সতর্ক।
গত মাসে ‘সানডে টাইমস’–কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লেয়ার ফয় বলেছিলেন, ছোটবেলা থেকেই নানা শারীরিক জটিলতার কারণে একসময় তিনি ভেবেছিলেন, হয়তো ৪০ বছর বয়স পর্যন্ত বাঁচবেন না। তবে এখন ৪১ বছরে পা দিয়ে নিজের স্বাস্থ্যের বিষয়ে তিনি আগের চেয়ে অনেক বেশি সচেতন।
রানি এলিজাবেথের চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য দুটি এমি ও একটি গোল্ডেন গ্লোব জয়ী এই অভিনেত্রী খুব শিগগিরই আবার পর্দায় ফিরছেন। এনিড ব্লাইটনের ফ্যান্টাসি গল্প অবলম্বনে ‘দ্য ম্যাজিক ফ্যারাওয়ে ট্রি’ এবং ব্ল্যাক কমেডি ‘স্যাভেজ হাউস’–এ দেখা যাবে তাকে।
উল্লেখ্য, চিকিৎসকদের মতে ভ্রমণের সময় অপরিচ্ছন্ন খাবার বা পানি গ্রহণ এবং ঠিকমতো হাত না ধোয়ার অভ্যাসের কারণে এ ধরনের পরজীবী সংক্রমণ হতে পারে। দুই সপ্তাহের বেশি পেটব্যথা, ডায়রিয়া বা হঠাৎ ওজন কমে গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেন তারা।
