বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর তার ব্যক্তিগত জীবন সবসময়ই গোপন রাখেন। আলোচনা বা বিতর্ক থেকে নিজেকে দূরে রাখলেও ২০২২ সালে এক ঘটনা তাকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছিল। নিজের ঘরের এক কোণে হাউমাউ করে কাঁদতে দেখা গিয়েছিল তাকে। সম্প্রতি শ্রদ্ধার মাসি তেজস্বিনী কোলহাপুরী সেই দুঃখজনক সময়ের কথা ফাঁস করেছেন।

ঘটনাটি ঘটেছিল ২০২২ সালে, যখন শ্রদ্ধার ছোট ভাই সিদ্ধান্ত কাপুরকে বেঙ্গালুরুর একটি মাদক মামলায় গ্রেপ্তার করে পুলিশ। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই মুম্বাইয়ের শক্তি কাপুরের বাড়ির বাইরে জড়ো হয় গণমাধ্যম ও পর্যটকদের ভিড়। কিন্তু পরিস্থিতি সত্যি সত্যি ভয়াবহ হয়ে ওঠে, যখন একটি রাজনৈতিক দলের কর্মীরা বাড়ির গেটে এসে স্লোগান দিতে শুরু করে।

মাসি তেজস্বিনীর ভাষায়, বাইরের চিৎকার ও রাজনৈতিক স্লোগান শুনে আতঙ্কে কুঁকড়ে গিয়েছিলেন শ্রদ্ধা। একদিকে প্রিয় ভাইয়ের জেল, অন্যদিকে বাড়ির সামনের উত্তেজনা—এই চাপ সামলাতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। সেই মুহূর্তে তিনি ঘরের মধ্যেই বসে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েছিলেন।

সিদ্ধান্ত কাপুরের বিষয়ে তেজস্বিনী বলেন, "আসলে সিদ্ধান্তের কোনো দোষই ছিল না। সে শুধু ভুল সময়ে ভুল জায়গায় ছিল। পেশায় সে একজন ডিজে, ভারতের অনেক নামকরা ক্লাবেই সে কাজ করে। শুধু তার পারিবারিক নামের কারণেই তাকে টার্গেট করা হয়েছিল।"

পরবর্তীতে আদালতে সেই মামলায় সিদ্ধান্ত নির্দোষ প্রমাণিত হলেও, সেই সময়কার মানসিক অত্যাচার এবং রাজনৈতিক হস্তক্ষেপ শ্রদ্ধা কাপুরের মনে গভীর আঘাত দিয়ে গেছে। তার মাসির দাবি, ভাইয়ের ওপর আসা এই বিপদ এবং বাড়ির সামনের নোংরা রাজনীতি সহ্য করা শ্রদ্ধার জন্য ছিল এক ভয়ানক যন্ত্রণার অভিজ্ঞতা।

 

news