ঢাকাই সিনেমার আলোচিত জুটি শাকিব খান ও শবনম ইয়াসমিন বুবলী আবারও বাবা-মা হতে যাচ্ছেন। এর আগে তাদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান শেহজাদ খান বীর। এবার সেই পরিবারে যোগ হতে যাচ্ছে আরও এক নতুন সদস্য। জানা গেছে, বুবলী এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। শাকিব খানের পরামর্শ অনুযায়ীই সন্তানের জন্মের প্রস্তুতি নিচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
একাধিক সূত্র বিষয়টি একটি জাতীয় দৈনিককে নিশ্চিত করেছে।
গত বছরের শেষের দিকে ছেলেকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটান বুবলী। তখন থেকেই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। অনেকেই ধারণা করতে থাকেন, শাকিব-বুবলী আবারও এক হচ্ছেন।
এর মধ্যেই সম্প্রতি বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। শুরুতে এটি গুজব হিসেবেই আলোচনায় ছিল। তবে এবার জানা গেল, সেই গুঞ্জনই সত্যি।
এদিকে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং আপাতত করতে চান না বুবলী। প্রথম দফায় তিনি আদর আজাদের বিপরীতে চার দিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন। তবে দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য আর শিডিউল দিচ্ছিলেন না।
খোঁজ নিয়ে জানা গেছে, ঝুঁকির কারণেই এখন শুটিং থেকে বিরত আছেন বুবলী। তবে আগামীকাল রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি আউটলেটের ওপেনিং সেরেমনিতে উপস্থিত থাকবেন তিনি। সেখানেই মা হতে যাওয়ার সুখবরটি প্রকাশ্যে জানাতে পারেন অভিনেত্রী।
অন্য একটি সূত্র জানিয়েছে, এই মাসেই সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে যাবেন বুবলী। উল্লেখ্য, তার প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্মও হয়েছিল যুক্তরাষ্ট্রে।
বুবলীর যুক্তরাষ্ট্রে যাত্রার খবরে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার প্রযোজক ও পরিচালক নতুন করে পরিকল্পনা করছেন। কারণ, প্রায় দেড় বছরের বিরতিতে যাচ্ছেন নায়িকা। ফলে বুবলীকে ছাড়াই সিনেমার বাকি কাজ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে প্রযোজক জাহাঙ্গীর সিকদার বলেন,
“প্রথম লটে বুবলী, আদর আজাদসহ অন্য শিল্পীদের নিয়ে চার দিন শুটিং করেছি। দ্বিতীয় লটে রোজায় শুটিং আছে। তবে বুবলীকে ছাড়াই বাকি কাজ শেষ করতে হবে।”
উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে পুত্রসন্তানের জন্ম দেন বুবলী। সে সময় নিজেই ফেসবুকে ছবি শেয়ার করে খবরটি জানান তিনি। যদিও তার আগে বিষয়টি নিয়ে নানা নাটকীয়তা তৈরি হয়েছিল। এবারও অনেকটা একই পথেই হাঁটছেন এই অভিনেত্রী। বর্তমানে বুবলীর ‘পিনিক’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। সর্বশেষ তাকে দেখা গেছে ‘জংলি’ সিনেমায়।
উৎস: কালের কণ্ঠ
