ঢালিউডের এক সময়ের সুপারস্টার অভিনেতা সোহেল রানা সম্প্রতি এক পডকাস্টে প্রয়াত চিত্রনায়ক মান্নার প্রশংসা করেছেন। সেই আলাপচারিতায় তিনি বর্তমান ঢালিউডের সুপারস্টার শাকিব খানের কথাও তুলেছেন।
সোহেল রানা বলেন, জীবিত অবস্থায় মান্নার চলচ্চিত্রে একক আধিপত্য ছিল। এমনকি তার সময়ের যেকোনো নায়ক মান্নার সঙ্গে পাল্লা দেওয়ায় কঠিন সময় পার করত। মান্নাকে নিয়ে তিনি আরও বলেন, “মান্নার অভিনয় ভাষা এবং তার টাঙ্গাইল-ময়মনসিংহ অঞ্চলের রেশ দর্শকদের কাছে আলাদাভাবে গ্রহণযোগ্য ছিল। পুরো দেশেই সে তার কণ্ঠ ও ভাষাকে জনপ্রিয় করেছেন। এমন ঘটনা ঢালিউডে খুবই কম।”
তিনি যোগ করেন, “মান্নার অভিনয় সব সময়ই ভিন্ন ধরনের। যেকোনো চরিত্রে তিনি সহজে মানিয়ে যেতেন এবং দর্শকদের কব্জায় রাখতে পারতেন। দর্শক তখন শুধু মান্নার দিকে তাকাত, তার বিপরীতে কেউ কথা বলত না।”
সোহেল রানা শাকিব খানের জনপ্রিয়তার কথাও উল্লেখ করে বলেন, “মান্নার মতোই এখন শাকিবের কাছাকাছি কেউ নেই। শাকিব আনপ্যারালাল। মান্নার সময় সিনেমা হিট হতো, তার ওপর প্রযোজকেরা বিনিয়োগে ভরসা পেত। এখন শাকিবের সিনেমাতেও সেই ভরসা আছে।”
এর আগে শাকিবও এক সাক্ষাৎকারে মান্নাকে প্রশংসা করেছিলেন। উল্লেখযোগ্য, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৩ বছর বয়সে চলে যান মান্না। ১৭ বছর পরও তার দর্শকপ্রিয়তা আগের মতোই অব্যাহত।
