দুনিয়াজুড়ে খ্যাতির শিখরে থাকা ব্রিটিশ র্যাপার এবং 'স্প্রিন্টার' গানের জন্য পরিচিত তারকা সেন্ট্রাল সি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সম্প্রতি একটি অনলাইন লাইভস্ট্রিমে তিনি আনুষ্ঠানিকভাবে কালিমা পাঠ করে এই ধর্মে দীক্ষা নেন। ইসলাম গ্রহণের পর তিনি তার নামও পরিবর্তন করে রেখেছেন 'আখিল'।

ইসলামিক ইনফরমেশনের প্রতিবেদন অনুযায়ী, মাত্র ২৭ বছর বয়সী এই সংগীতশিল্পী একটি লাইভস্ট্রিমের মধ্য দিয়েই তার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা দেন। ইসলাম গ্রহণের আগে তার পুরো নাম ছিল ওকলি নীল সিজার-সু।

লন্ডনের শেফার্ডস বুশ এলাকার বাসিন্দা এই র্যাপার বর্তমানে গোটা বিশ্ব সংগীতাঙ্গনের অন্যতম আলোচিত নাম। কনটেন্ট ক্রিয়েটর 'PlaqueBoyMax'-এর সঙ্গে এক লাইভ সেশনে কথা বলার সময় তিনি জানান, তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং এখন থেকে তিনি 'আখিল' নামেই পরিচিত হতে চান। এর আগে সেন্ট্রাল সি কখনোই জনসমক্ষে তার ধর্মীয় বিশ্বাস নিয়ে তেমন কিছু বলেননি।

২০১৪ সালে সংগীতজগতে পা রাখলেও, ২০২১ সাল নাগাদ সেন্ট্রাল সি যুক্তরাজ্যের র্যাপ ইন্ডাস্ট্রির একজন প্রভাবশালী ও শীর্ষস্থানীয় শিল্পীতে পরিণত হন। প্রথম ব্রিটিশ র্যাপার হিসেবে একটি একক গান একটি প্ল্যাটফর্মে এক বিলিয়ন স্ট্রিম অর্জনের বিরল রেকর্ডও তার দখলে আছে। ড্রেক এবং জে. কোলের মতো বিশ্বখ্যাত তারকাদের সঙ্গে কাজ করে গত কয়েক বছরে তিনি সাফল্যের চূড়ায় পৌঁছে গেছেন।

তার এই দ্রুত উত্থান নিয়ে এক সাক্ষাৎকারে সেন্ট্রাল সি বলেছিলেন, "সবকিছু এত দ্রুত ঘটছে যে মাঝে মাঝে বিশ্বাস করাই কঠিন হয়ে পড়ে। আমি এতদিন ধরে এত তাড়াহুড়ো করে চলেছি যে এসব নিয়ে ভাবার কোনো সময়ই পাইনি।"

তার পেশাদার জীবনের এই ব্যস্ততার মধ্যেই এসেছে এই বড় ব্যক্তিগত ও আধ্যাত্মিক পরিবর্তন। এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত ও অনুসারীদের মাঝে শুরু হয়েছে জোরালো আলোচনা। সারা বিশ্ব থেকেই তার ভক্তরা তাকে শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছেন। মুসলিম কমিউনিটির পক্ষ থেকেও তার এই সিদ্ধান্তকে অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানানো হয়েছে।

 

news