চিত্রনায়িকা পরীমনিকে মুঠোফোনে হত্যা হুমকি দেয়া হয়েছে। জানা গেছে, কেউ বিদেশ থেকে কল করে পরীমনিকে গালি দিয়ে হত্যার হুমকি দিয়েছে।

পরীমনি নিজের সোশ্যাল মিডিয়া পেইজে সেই কথোপকথনের ভিডিও পোস্ট করেছেন। ফোন নম্বরের কান্ট্রি কোড থেকে জানা গেছে, কলটি এসেছে কিউবা থেকে। ফোনে অকথ্য ভাষা ব্যবহার করে পরীমনিকে গুলি করে মারার হুমকি দেওয়া হয়।

ভিডিও পোস্টের সঙ্গে পরীমনি লিখেছেন, “ভোট নিয়ে কিছু শেয়ার করা যাবেনা! এরা কারা?” এছাড়া তিনি বাংলাদেশের সেনাবাহিনী, সিআইডি পুলিশ এবং বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেইজগুলোকে ক্যাপশনে উল্লেখ করেছেন, যাতে দৃষ্টি আকর্ষণ হয়।

পরীমনি বলেন, “হঠাৎ একটি বিদেশি নম্বর থেকে আমাকে কল দিয়ে বিভিন্ন গালি দিতে শুরু করে। পাশাপাশি ভোট বা সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করা যাবে না বলেও হত্যার হুমকি দিয়েছে।”

পরীমনি বর্তমানে কয়েকটি ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন। এছাড়া তিনি নতুন ছবি ‘গোলাপ’-এও চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন নিরব। শিগগিরই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

 

news