বলিউডের বিখ্যাত অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার বিচ্ছেদ নিয়ে গত কয়েক মাস ধরেই সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন চলছিল। কিন্তু এবার সেই সব আলোচনার মাঝেই একেবারে নতুন এক খবরে শিরোনামে এলেন সুনীতা আহুজা নিজেই। কারণ? তিনি এখন স্বামী গোবিন্দের মতোই বলিউডের পর্দায় অভিষেক করতে চলেছেন!

গত বছর থেকেই এই দম্পতির বিবাহবিচ্ছেদের কথা শোনা গেলেও, এ নিয়ে কখনোই সরাসরি কিছু বলেননি সুনীতা। কিন্তু এবার তিনি নতুন এক পথে হাঁটতে যাচ্ছেন, যা নিঃসন্দেহে তার জীবনের একটি বড় মাইলফলক। এতদিন অন্দরমহলে থাকা সুনীতা এবার সরাসরি বলিউডের পর্দায় নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে চলেছেন।

গণমাধ্যম সূত্রের খবর, প্রযোজক একতা কাপুরের ব্যানার বালাজি মোশন পিকচার্সের একটি নতুন সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন সুনীতা আহুজা। সিনেমাটির শুটিং মাত্র কুড়ি দিনের মধ্যে শুরু হবে বলে জানা গেছে, যদিও এখনও সিনেমাটির কোনও নাম ঠিক হয়নি। এই বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এই খবরটা আসার আগ পর্যন্ত সুনীতা আহুজা মূলত সংবাদ শিরোনামে এসেছেন স্বামী গোবিন্দের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে। কখনো তিনি সংসারের প্রতি গোবিন্দের দায়িত্বহীনতার কথা তুলেছেন, আবার কখনো বা স্বামীর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন। তাদের ৩৭ বছরের দাম্পত্য জীবনের বিতর্ক কখনোই থামেনি। কিছুদিন আগে এমনকি তাদের আনুষ্ঠানিকভাবে পৃথক হয়ে যাওয়ার খবরও ছড়িয়েছিল, যদিও সুনীতা শেষ পর্যন্ত স্বামীর সাথেই থেকে সেই গুজবকে মিথ্যা প্রমাণ করেছিলেন।

তবে বিভিন্ন সূত্রে জানা যায়, দম্পতিটি বহুদিন ধরেই আলাদাভাবেই থাকেন। এতসব বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই এবার সুনীতা পর্দায় নিজের নতুন পরিচয় তৈরি করতে চলেছেন। এখন দেখার বিষয়, এই অভিনেত্রী হিসেবেই তিনি কতটা সফল হন, আর পর্দায় তার পারফরম্যান্স কতটা দর্শকদের মন জয় করতে পারে।

 

news