বলিউড সুপারস্টার সালমান খানের যুদ্ধভিত্তিক নতুন সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’-এর মুক্তি নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। আগামী ১৭ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও, শুটিং এখনো পুরোপুরি শেষ না হওয়া এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ঝুলে থাকায় নির্ধারিত সময়ে সিনেমাটি মুক্তি পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশাত্মবোধক গল্পের সিনেমা হওয়ায় মুক্তির আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। আর এই অনুমোদনের প্রক্রিয়া বেশ সময়সাপেক্ষ হওয়ায় ১৭ এপ্রিলের মধ্যে সবকিছু শেষ করা কঠিন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

এর পাশাপাশি একাধিক চাপের মধ্যেই রয়েছেন সালমান খান। একদিকে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ধারাবাহিক হুমকি ও কড়া নিরাপত্তার ভেতর শুটিং চালিয়ে যাওয়ার মানসিক চাপ, অন্যদিকে গত বছর মুক্তি পাওয়া তার সিনেমা ‘সিকান্দার’ বক্স অফিসে আশানুরূপ সাড়া না পাওয়া—সব মিলিয়ে ‘ব্যাটল অফ গালওয়ান’ নিয়ে বেশ সতর্ক অবস্থানে রয়েছেন তিনি। নির্মাতারাও তাই তাড়াহুড়ো করে সিনেমাটি মুক্তি দিতে চাইছেন না।

এরই মধ্যে পরিচালক রোহিত শেঠির বাড়ির সামনে হামলার ঘটনা ও সরাসরি হত্যার হুমকির খবর বলিউডে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। এমন পরিস্থিতিতে আগের সিনেমার বাণিজ্যিক ব্যর্থতার পর সালমান খান ও প্রযোজকরা এবার কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ।

আরও জানা যাচ্ছে, পরিচালক অপূর্ব সখিজা ও সালমান খান দুজনেই সিনেমাটির মানের বিষয়ে আপস করতে চান না। তাই তাড়াহুড়ো না করে সময় নিয়ে, যত্নসহকারে ছবিটি দর্শকদের সামনে আনতেই আগ্রহী তারা। তবে ঠিক কবে ‘ব্যাটল অফ গালওয়ান’ মুক্তি পাবে—সে বিষয়ে এখনো সালমান খানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

 

news