ঢাকা ব্যাংক ও আনন্দ আলো পত্রিকার উদ্যোগে 'ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫' পেলেন মোট সাত জন প্রতিভাবান লেখক। গত বাংলা একাডেমির একুশে বইমেলায় প্রকাশিত বইগুলোর মধ্যে থেকে বাছাই করা হয়েছে এই বিজয়ীদের। মঙ্গলবার রাজধানীর চ্যানেল আই প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। সম্মানিত অতিথি ছিলেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, অন্যদিন সম্পাদক মাযহারুল ইসলাম, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান এবং আনন্দ আলোর সহসম্পাদক রাজু আলীম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর।

২০২৫ সালের পুরস্কার প্রাপ্তরা হলেন:

কবিতা: আব্দুল হাই শিকদার

শিশুসাহিত্য (যৌথভাবে): আমীরুল ইসলাম ও মাহবুবা চৌধুরী

কথাসাহিত্য: সাদাত হোসাইন

প্রবন্ধ: মাহবুব আজিজ

প্রথম বই: দিদারুল আলম

তারুণ্যের সাহিত্য পুরস্কার: শানারেই দেবী শানু

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত লেখকরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, "বই আমাদের সবচেয়ে ভালো বন্ধু। একজন লেখক কখনোই শুধু পুরস্কারের জন্য লেখেন না। কিন্তু পুরস্কার পাওয়া আনন্দের, আবার দায়িত্বও বাড়িয়ে দেয়।" তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, ডিজিটালাইজেশনের যুগে বই পড়ার অভ্যাস অনেকটাই কমে গেছে। লাইব্রেরিতে মানুষের যাওয়া কমেছে, পাড়ার লাইব্রেরিতে নতুন কোন বই এলো কিনা, সেটাও অনেকেই খোঁজ রাখেন না। অথচ বই পড়া ছাড়া প্রকৃত জ্ঞানার্জন সম্ভব নয়।

কিছু লেখক শৈশব থেকেই লেখালেখির সাথে জড়িত হওয়ার গল্পও শোনান। তারা বলেন, ছোটবেলা থেকেই কবিতা, ছড়া লিখতেন, আর এই পথে আসার পেছনে পরিবার ও অভিভাবকদের উৎসাহ ছিল সবচেয়ে বড় প্রেরণা।

 

news