তামিল মেগাস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়াগাণ’–এর মুক্তি নিয়ে চলা আইনি জটিলতায় এলো নতুন মোড়। দীর্ঘদিন ধরে সেন্সর সার্টিফিকেট ইস্যুতে আদালতে আটকে থাকা এই ছবি নিয়ে এবার কৌশল বদলালেন নির্মাতারা। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর বিরুদ্ধে করা নিজেদের রিট পিটিশন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি পি টি আশা নির্মাতাদের মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। এতদিন সেন্সর অনুমোদনের অভাবে ছবিটির মুক্তি ঝুলে ছিল।

এর আগে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সিনেমাটিকে ‘ইউ/এ’ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিলেও ডিভিশন বেঞ্চ সেই আদেশে স্থগিতাদেশ দেন। পরে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। সেখান থেকে মামলাটি পুনরায় মাদ্রাজ হাইকোর্টে ফেরত পাঠানো হয়।

দীর্ঘ আইনি প্রক্রিয়ায় না গিয়ে এবার সমঝোতার পথ বেছে নিয়েছেন নির্মাতারা। সিবিএফসি-এর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে ছবিটিকে রিভাইজিং কমিটি বা সংশোধন কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এতে আলোচনার মাধ্যমে দ্রুত সেন্সর ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনস জানিয়েছে, এখন তাদের মূল লক্ষ্য যত দ্রুত সম্ভব সেন্সর প্রক্রিয়া শেষ করে ‘জন নায়াগাণ’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া।

 

news