অভিনয়ের পাশাপাশি নাচে আকাশচুম্বী পারিশ্রমিক—সব মিলিয়ে এখন টক অব দ্য টাউন তামান্না ভাটিয়া। সম্প্রতি ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর ‘গফুর’ গানে তার পারফরম্যান্স সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে রীতিমতো ঝড় তুলেছে। এর আগেও ‘আজ কি রাত’ কিংবা ‘কাবালা’র মতো গানে নাচ দেখে অনেক দর্শক তাকে আইটেম গানের অঘোষিত রানি হিসেবে মেনে নিয়েছেন।
আইটেম গার্লখ্যাত এই অভিনেত্রী গত বছরের শেষে গোয়ার এক সমুদ্রসৈকতে বর্ষবরণ অনুষ্ঠানে মাত্র ছয় মিনিট নাচের জন্য নিয়েছিলেন ৬ কোটি টাকা। শুধু নাচেই নয়, দক্ষিণী সিনেমা থেকে শুরু করে বলিউডের ‘লাস্ট স্টোরিজ ২’-এও তার অভিনয় প্রশংসিত হয়েছে।
বিশেষ করে ‘লাস্ট স্টোরিজ ২’-এ তামান্নার সাহসী অভিনয় নিয়ে ছিল ব্যাপক আলোচনা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। তামান্নার দাবি, দীর্ঘ ক্যারিয়ারে তিনি আসলে তেমন কোনো ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ই করেননি। তার কথায়, “পুরো ক্যারিয়ারে আমি তেমন কোনো অন্তরঙ্গ দৃশ্য করিনি, যা করেছি তা অত্যন্ত সামান্য।”
এটা কি তার ব্যক্তিগত সিদ্ধান্ত—এমন প্রশ্নের জবাবে তামান্না জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তিনি এ ধরনের দৃশ্য থেকে নিজেকে দূরে রেখেছেন। বর্তমান ইন্টারনেটের যুগে দর্শকরা সব ধরনের কনটেন্ট সহজেই দেখছেন, তাই প্রতিটি কাজ ভেবেচিন্তে করা জরুরি বলেই মনে করেন তিনি।
অভিনেত্রীর ভাষায়, “অভিনেত্রী হিসেবে কোনো ভয় বা দ্বিধা যেন আমার এগিয়ে যাওয়ার পথে বাধা না হয়। আমি চাই না কোনো কিছু আমাকে আটকে রাখুক।” তবে গল্পের প্রয়োজনে চুম্বনের মতো দৃশ্য থাকলে সেটিকে চিত্রনাট্যের অংশ হিসেবেই দেখা উচিত—এমন মনোভাবও জানান তিনি। সময়ের সঙ্গে চলচ্চিত্রের ধারা বদলানোকে ইতিবাচক হিসেবেই দেখছেন তামান্না ভাটিয়া।
