বিনোদন ডেস্ক: অপেক্ষার অবসান! প্রযোজক-অভিনেতা দীপক অধিকারী দেবের ৫০তম সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র শুটিং শুরু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে এই সুখবর দিলেন তিনি।

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ছবিটির শুভ মহরত সেরেছেন দেব। বিশেষ এই মুহূর্তে তার পাশে ছিলেন পুরো টিম। সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন—‘নতুন যাত্রা-নতুন শুরু’। সেখানে দেখা গেছে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র পোস্টারও। দেবের পোস্টে ভক্ত-অনুরাগীরা উচ্ছ্বাসে ভরপুর। সবাই জানতে চাইছিলেন—শুটিং কবে শুরু হবে? সেই সময় দেব কিছু খোলাসা করেননি।
কিন্তু রোববার আরেকটা পোস্টে সবকিছু পরিষ্কার করে দিলেন। লিখলেন—‘#BAD কাজ শুরু, বাইক অ্যাম্বুলেন্স দাদা।’ অর্থাৎ আজ থেকেই শুরু হয়ে গেল শুটিং!

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র গল্প আসল জীবন থেকে নেওয়া। জলপাইগুড়ি জেলার রাজাডাঙা গ্রামের ধলাবাড়ির বাসিন্দা করিমুল হক—যিনি ‘অ্যাম্বুলেন্স দাদা’ নামে সবার কাছে পরিচিত। শহর থেকে অনেক দূরের প্রান্তিক এলাকায় মুমূর্ষু রোগীদের বাইকেই হাসপাতালে পৌঁছে দেন তিনি। বছরের পর বছর এভাবে সমাজসেবা করে চলেছেন করিমুল।

এই মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মান দেওয়া হয়। ২০২০ সালে বলিউডে তার বায়োপিকের খবর শোনা গিয়েছিল। কিন্তু পরিচালক বিনয় মুদ্গলের কাছ থেকে স্বত্ব কিনে নেন দেব। প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনিই। ছবিটি চলতি বছরের আগস্টে মুক্তি পাওয়ার কথা।
গত বছর নিজের জন্মদিনে দেব জানিয়েছিলেন—তার ক্যারিয়ারের ৫০তম সিনেমা হবে খুব স্পেশাল। আর সেই ৫০তম ছবি হিসেবে বেছে নিয়েছেন করিমুল হকের জীবনী।

শুভ মহরতের দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতনু রায়চৌধুরী, রথীজিৎ ভট্টাচার্য, নিলয়ন বন্দ্যোপাধ্যায়, শ্রীপর্ণা রায়, পার্থসারথি চক্রবর্তীসহ আরও অনেকে। দেব সেদিন পরেছিলেন সাদা কারুকার্য করা পাঞ্জাবি আর সাদা পায়জামা।
দেবের এই নতুন যাত্রা দেখে ভক্তরা উচ্ছ্বসিত। দেখা যাক, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ কতটা দর্শকের মন জয় করতে পারে!

 

news