বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অবশেষে জনসম্মুখে! গত বছরের নভেম্বরে মা হওয়ার পর নিজেকে পুরোপুরি আড়ালে রেখেছিলেন তিনি। নবজাতক সন্তানকে সময় দিতেই কোনো নতুন ছবির কাজও করেননি। তবে অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভক্তদের জন্য চমক নিয়ে হাজির হলেন ক্যাটরিনা।

সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় তাকে গাড়িতে দেখা যায়। মুখে মাস্ক থাকলেও ক্যামেরার সামনে নিজের চেনা সেই মিষ্টি হাসি দিতে ভোলেননি। বরং ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়িয়েও ভক্তদের মন জয় করেছেন তিনি। তবে একা নন, ক্যাটরিনার গাড়িতে আরও একজন ছিলেন— তাঁর দীর্ঘদিনের ফিটনেস ট্রেইনার ইয়াসমিন করাচিওয়ালা। আর তাতেই জোর চর্চা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন, শিগগিরই রূপালি পর্দায় ফিরতে শুরু করে দিয়েছেন প্রস্তুতি ক্যাটরিনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উচ্ছ্বাস যেন থামছেই না। কেউ লিখেছেন, “এতদিন পর ক্যাটকে দেখে চোখ জুড়িয়ে গেল”, আবার কেউ প্রশ্ন করছেন, “কবে পর্দায় ফিরছেন ক্যাটরিনা? আমরা তো অপেক্ষায় আছি।” এই ছোট্ট ঝলক দেখে স্পষ্ট, ক্যাটরিনার প্রতি ভক্তদের ভালোবাসায় কোনো ভাটা পড়েনি।

২০২১ সালে ‘জিরো’ ছবির সহ-অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিয়ে করেন ক্যাটরিনা। গত বছরের সেপ্টেম্বরে গর্ভাবস্থার খবর নিশ্চিত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন। এরপর ৭ নভেম্বর ভিকি-ক্যাটরিনার ঘরে আসে পুত্রসন্তান। সেই সময় ক্যাটরিনা লিখেছিলেন, “আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু হতে যাচ্ছে। আমাদের হৃদয় আনন্দ এবং কৃতজ্ঞতায় ভরে গিয়েছে।” তারপর থেকেই পুরোপুরি সন্তানকে সময় দিচ্ছেন তিনি।

মজার ব্যাপার হলো, ভিকি আর ক্যাটরিনার প্রেমের গল্পে বড় ভূমিকা ছিল করণ জোহরের। এক চ্যাট শো-তে ক্যাটরিনা ভিকির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন, আর সেখান থেকেই শুরু! পর্দার সেই রসায়নই যে বাস্তবের প্রেমে পরিণত হবে, তা তখন কেউ ভাবেনি। তবে মা হওয়ার পর কবে আবার ক্যাটরিনা ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর জগতে ফিরবেন, সে ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি প্রযোজনা সংস্থাগুলো। কিন্তু ফিটনেস ট্রেইনারের সঙ্গে তাঁর এই আউটিং নিশ্চিত করছে, ফিরে আসার প্রস্তুতি শুরু হয়ে গেছে।

 

news