গজদাঁতের সেই চেনা হাসি আর রামধনু ওড়নায় ঢাকা সাদা সালোয়ার কামিজ—পর্দা ও বাস্তবের ‘বৌদি’ স্বস্তিকা মুখোপাধ্যায় আবারও আলোচনায়। তবে এবার বিতর্ক নয়, বরং ২৫ বছরের অভিনয় জীবন এবং আসন্ন ছবি ‘প্রমোটার বৌদি’ নিয়ে খোলামেলা আড্ডায় ধরা দিয়েছেন তিনি।
পরিচালক শৌর্য দেব এর নতুন ছবিতে স্বস্তিকাকে দেখা যাবে এক ভিন্ন মেজাজে। ধুলো উড়িয়ে বাইক এন্ট্রি, অ্যাকশন এবং ভোজপুরি গানের তালে নাচ—একসময়ের কমার্শিয়াল হিরোদের মতো কাজ এবার স্বস্তিকাই করেছেন। তিনি বলেন, “একই কাজ ২৫ বছর করলে লোকে কেন দেখবে? তাই চ্যালেঞ্জ নিয়েছি। মেয়েরা সাধারণত প্রমোটিং করে না, আমি পর্দায় সেই অসাধ্য সাধন করেছি।”
ক্যারিয়ারের শুরুতে ‘পুতুল’ সৌন্দর্যের জন্য জনপ্রিয় হলেও এখন সেই ইমেজ ধরে রাখতে নারাজ স্বস্তিকা। বয়সের সঙ্গে শারীরিক পরিবর্তন এবং অভিনয়ের পরিপক্কতাকে তিনি স্বাভাবিকভাবে গ্রহণ করেছেন। স্বস্তিকার মন্তব্য,
“গত ২৫ বছরে পুরুষের ফ্যান্টাসি করার দৃষ্টিভঙ্গি বদলেছে। আমি আগের মতো থাকলে কি চলত? সময়ের সাথে নিজেকে না বদলালে ২৫ বছর টিকে থাকতে পারতাম না।”
সহকর্মীরা রাজনীতিতে নাম লিখালেও স্বস্তিকা সেই পথে হাঁটতে নারাজ। তিনি স্পষ্ট বলেছেন, “রাজনীতি বুঝি না, তাই ওসব আমার দ্বারা হবে না।” অন্যদিকে, লন্ডনে থাকা মেয়ে অন্বেষার প্রেম-সংক্রান্ত চর্চা নিয়েও খুব পাত্তা দেন না। মা-মেয়ে দুজনেই এসব খবর নিয়ে ‘খিল্লি’ করতে ভালোবাসেন। অন্বেষা এখন পিএইচডি এবং নিজের চাকরিতে ব্যস্ত।
ছোটপর্দা থেকে ক্যারিয়ার শুরু করলেও আপাতত সেখানে ফেরার কোনো পরিকল্পনা নেই। তবে ‘টেক্কা’-তে দেবের সঙ্গে কাজের পর এবার জিতের সঙ্গে কাজ করার সুপ্ত ইচ্ছা প্রকাশ করেছেন স্বস্তিকা।
