বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। নীতীশ তিওয়ারি পরিচালিত এই মহাকাব্যিক সিনেমায় রাম হিসেবে রণবীর কাপুর এবং রাবণ হিসেবে যশকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় ছিলেন দর্শকরা। তবে সেই উত্তেজনায় কিছুটা ভাটা পড়ল নিজেই জানালেন ‘রাবণ’ চরিত্রে অভিনয় করা যশ।
তিনি নিশ্চিত করেছেন, সিনেমার প্রথম পর্বে রাম (রণবীর কাপুর) এবং রাবণ (যশ)—এই দুই চরিত্রের মধ্যে কোনো দৃশ্যই থাকবে না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে যশ জানান, সিনেমাটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে এবং চরিত্রগুলোর আলাদা যাত্রাকেই প্রথমে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন,
“মজার বিষয় হলো, প্রথম পর্বে আমাদের দুজনের একসঙ্গে কোনো দৃশ্য নেই। যেহেতু এটি দুই অংশের সিনেমা, তাই প্রথম পর্বে রাবণ হিসেবে আমার নিজস্ব রাজ্য লঙ্কা দেখানো হবে, আর রামের থাকবে তার রাজ্য অযোধ্যা।”
পরিচালক নীতীশ তিওয়ারি ও প্রযোজক নামিত মালহোত্রা পরিকল্পিতভাবেই এই কৌশল নিয়েছেন বলে জানা গেছে। প্রথম পর্বে দ্রুত মুখোমুখি সংঘর্ষ না দেখিয়ে বরং চরিত্রগুলোর পেছনের গল্প, মানসিক লড়াই এবং প্রস্তুতিকে বড় পর্দায় তুলে ধরা হচ্ছে। মূল সংঘর্ষের ভিত্তি তৈরি করা হবে দ্বিতীয় পর্বে।
একই ফ্রেমে না থাকলেও রণবীর কাপুরের প্রতি নিজের শ্রদ্ধা ও প্রশংসা প্রকাশ করেছেন যশ। তিনি বলেন,
“আমাদের কয়েকবার দেখা হয়েছে। রণবীর একজন অসাধারণ অভিনেতা। আমাদের মধ্যে পারস্পরিক সম্মান রয়েছে। এমন বড় এবং উচ্চাভিলাষী প্রজেক্টে কাজ করার সময় সবার লক্ষ্য থাকে নিজের সেরা পারফরম্যান্স দেওয়া।”
উল্লেখ্য, ‘রামায়ণ’ সিনেমায় রাম চরিত্রে রণবীর কাপুর, রাবণ চরিত্রে যশ এবং সীতা চরিত্রে থাকছেন সাই পল্লবী। এছাড়া সানি দেওল, রবি দুবে, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, লারা দত্ত ও শিবা চাড্ডার মতো তারকারাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
বড় বাজেটের এই সিনেমার প্রথম পর্ব মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালে এবং দ্বিতীয় পর্ব আসবে ২০২৭ সালে।
