রূপালি পর্দায় যে জুটি একসময় ঝড় তুলেছিল, সেই আহান পান্ডে ও অনীত পাড্ডা আবারও ফিরছেন একসঙ্গে। মোহিত সুরির পরিচালনায় ‘সাইয়ারা’ ছবিতে তাদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের মন জয় করেছিল, আর সেই জুটিকে ঘিরেই এবার নতুন চমক।
‘সাইয়ারা’ বক্স অফিসে দারুণ সাফল্য পাওয়ার পর এবার একই পরিচালক মোহিত সুরির হাত ধরেই আবারও বড় পর্দায় ফিরছেন আহান ও অনীত। যশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) প্রযোজনায় একটি নামহীন রোমান্টিক ছবির ঘোষণা আসতেই বলিপাড়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
প্রযোজনা সংস্থাটি এই জুটির প্রত্যাবর্তনকে ঘিরে বড় বাজি ধরছে, কারণ ‘সাইয়ারা’র সাফল্য ইতিমধ্যেই দর্শকদের মধ্যে এই জুটির জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে।
নতুন ছবি নিয়ে পরিচালক মোহিত সুরি এক আবেগঘন বিবৃতিতে বলেন, “আমার কাছে সবসময়ই মূল বিষয় হলো প্রেমের গল্প। ভালোবাসা গভীর হওয়া উচিত, আর সেই কারণেই আমি এমন গল্পই বলতে চেষ্টা করি। হয়তো এসব আগেই লেখা ছিল।”
তিনি আরও বলেন, “আমরা আবার একত্রিত হয়েছি, কিন্তু এক নতুন সৃজনশীল ক্ষুধা নিয়ে। এবার নিজেকে একজন নবাগত মনে হচ্ছে, তাই একই সঙ্গে আমি উত্তেজিত এবং উদ্বিগ্ন। আশা করি আমার গল্প আবারও মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।”
যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি বলেন, “মোহিতের সঙ্গে কাজ করা শুধু সিনেমা বানানো নয়, এটি একটি অনুভূতিকে তুলে ধরার চেষ্টা। ‘সাইয়ারা’ ছিল এমনই একটি বিশেষ মুহূর্ত, যা আমি সবসময় মনে রাখব। এখন আমরা আবার একসঙ্গে কাজ করছি, এবং আরও ভালো ও শক্তিশালী কিছু তৈরি করতে চাই। আহান ও অনীতকে আমাদের ছবিতে পেয়ে আমরা খুবই খুশি।”
বর্তমানে এই দুই তারকার হাতে রয়েছে একাধিক বড় প্রজেক্টও। আহান পান্ডে কাজ করছেন আলী আব্বাস জাফরের একটি নতুন ছবিতে। অন্যদিকে অনীত পাড্ডাকে দেখা যাবে ‘শক্তি শালিনী’ নামের একটি হরর-কমেডি সিনেমায়, যেখানে তার সঙ্গে থাকবেন নানা পাটেকর, বিশাল জেঠওয়া এবং বিনীত কুমার সিংয়ের মতো তারকারা।
