অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা ফারুক মারা গেছেন। বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বরেণ্য নাট্যকার মাসুম রেজা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মির্জা ফারুকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বন্যা মির্জার পরিবার, সহকর্মী এবং ভক্তদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পেশাগত জীবনে মির্জা ফারুক ছিলেন একজন সফল ও সম্মানিত ব্যক্তিত্ব। তিনি সরকারি চাকরিতে পরিবার পরিকল্পনা পরিদফতরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মজীবন শেষে তিনি অবসরে ছিলেন।
অন্যদিকে, জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা ‘রঙের মানুষ’ ও ‘ভবের হাট’-এর মতো আলোচিত নাটকের মাধ্যমে কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। বর্তমানে তিনি প্রবাস জীবন কাটাচ্ছেন এবং যুক্তরাষ্ট্রের একটি করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
শুধু ছোট পর্দা নয়, চলচ্চিত্রেও নিজের শক্তিশালী অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন এই গুণী অভিনেত্রী। বাবার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সংস্কৃতি অঙ্গনের অনেকেই শোক প্রকাশ করছেন।
