মার্কিন পপ সুপারস্টার কেটি পেরির বিরুদ্ধে এবার গুরুতর যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। প্রায় দুই দশক আগে অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি নাইটক্লাবে ঘটে যাওয়া এক ঘটনার প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে ভিক্টোরিয়া স্টেট পুলিশ।

এই অভিযোগ সামনে আনেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় অভিনেত্রী এবং ‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’ খ্যাত তারকা রুবি রোজ। তার দেওয়া অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত শুরু হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে রুবি রোজ দাবি করেন, ২০১০ সালে মেলবোর্নের একটি নাইটক্লাবে কেটি পেরি তার সঙ্গে যৌন হেনস্তার ঘটনা ঘটিয়েছিলেন। যদিও পরে তিনি সেই পোস্টগুলো মুছে ফেলেন, তবুও বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

মঙ্গলবার রুবি রোজ জানান, তিনি পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন। তবে চলমান আইনি প্রক্রিয়ার কারণে এই মুহূর্তে তিনি আর বিস্তারিত কিছু প্রকাশ করতে পারছেন না।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টেট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ২০১০ সালে মেলবোর্নে ঘটে যাওয়া একটি ‘ঐতিহাসিক যৌন অপরাধ’ নিয়ে তদন্ত করছে। যদিও অভিযুক্তের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে ইঙ্গিতটি কেটি পেরির দিকেই।

পুলিশের এক মুখপাত্র বলেন, “তদন্ত চলমান থাকায় এই মুহূর্তে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।”

অন্যদিকে, কেটি পেরির পক্ষ থেকে এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করা হয়েছে। বিনোদনভিত্তিক সাময়িকী ‘ভ্যারাইটি’কে দেওয়া এক বিবৃতিতে তার প্রতিনিধি জানান, রুবি রোজের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

বিবৃতিতে আরও বলা হয়, “রুবি রোজ সামাজিক মাধ্যমে কেটি পেরিকে নিয়ে যে দাবি করছেন, তা শুধু মিথ্যা নয়, বরং বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন। এর আগেও বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে তার এমন অভিযোগের ইতিহাস রয়েছে, যা পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়েছে।”

উল্লেখ্য, ‘রোর’ এবং ‘আই কিসড এ গার্ল’-এর মতো জনপ্রিয় গানের এই বিশ্বখ্যাত গায়িকা কেটি পেরি সাম্প্রতিক সময়ে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে তার সম্পর্ক নিয়েও আলোচনায় ছিলেন। তবে নতুন এই আইনি বিতর্ক তার ক্যারিয়ারে কী প্রভাব ফেলবে, তা নিয়ে এখন চলছে নানা জল্পনা-কল্পনা।

 

news