দেশের জনপ্রিয় দুই সংগীত তারকা প্রীতম হাসান ও জেফার রহমানকে নিয়ে নির্মিত ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’ মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে। টিজার প্রকাশের সময় থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়।
পয়লা বৈশাখের দিন, অর্থাৎ ১৪ এপ্রিল, ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পায় ওয়েব ফিল্মটি। সবচেয়ে বড় চমক হলো—এটি দেখতে কোনো আলাদা ফি লাগছে না, একেবারে ফ্রিতেই উপভোগ করা যাচ্ছে শিহাব শাহীন পরিচালিত এই সিনেমা।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
গল্প সম্পর্কে পরিচালক শিহাব শাহীন জানান, এটি মূলত একটি মেয়ের স্বাধীন ইচ্ছার গল্প। মেয়েটি সবসময় নিজের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দেয় এবং নিজের জীবন নিজের মতো করেই গড়ে তুলতে চায়। কিন্তু তার এই স্বাধীনতা একসময় জটিল পরিস্থিতির জন্ম দেয়।
পরবর্তীতে সেই জটিলতা ঘিরেই এগিয়ে যায় গল্পের মূল ধারা। নির্মাতার দাবি, দর্শকরা এই গল্পে নতুনত্ব খুঁজে পাবেন।
সিনেমাটিতে প্রীতম হাসানকে দেখা যাবে আবেগপ্রবণ চরিত্রে, অন্যদিকে জেফার রহমান হাজির হয়েছেন বাস্তববাদী চরিত্রে।
দুই সংগীতশিল্পীকে নিয়ে কাজ করেও সন্তুষ্টি প্রকাশ করেছেন পরিচালক শিহাব শাহীন। তার মতে, অভিনয়ে তারা নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছেন।
ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, মুনমুন আহমেদ, আব্দুল্লাহ আল সেন্টুসহ আরও অনেকে।
