দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন মানেই পর্দায় নতুন কোনো চমক। সম্প্রতি ‘রাকা’ সিনেমার আভাস দিয়েই ভক্তমহলে ব্যাপক সাড়া ফেলেছেন এই অভিনেতা। বর্তমানে এই সিনেমার প্রস্তুতি আর শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। আল্লু অর্জুনের আসন্ন সিনেমা ‘রাকা’-র বড় একটি অংশের শুটিং হবে মুম্বইয়ে।
কাজের সুবিধার্থে আর দীর্ঘক্ষণ রাস্তাঘাটে সময় নষ্ট না করতে আরব সাগরের ধারের এই মায়ানগরীতেই একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি। মুম্বইয়ের অভিজাত এলাকা জুহুতে অবস্থিত এই ফ্ল্যাটটির আয়তন প্রায় ৬০০০ বর্গফুট। থাকছে ব্যক্তিগত সুইমিং পুল আর চারটি গাড়ি রাখার বিশাল পার্কিং সুবিধা।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই রাজকীয় ফ্ল্যাটের মাসিক ভাড়া প্রায় ১৬ লাখ টাকা। তিন বছরের চুক্তিতে এই বাড়ি ভাড়া নিয়েছেন আল্লু অর্জুন। প্রতি মাসে এত টাকার ভাড়ার খবরই এখন সবার মুখে মুখে।
মুম্বইয়ে বাড়ি ভাড়া নেওয়ার খবর বেরোতে শুরু হয়ে যায় জল্পনা— অভিনেতা কি তবে হায়দরাবাদ ছেড়ে চিরস্থায়ীভাবে মুম্বই চলে আসছেন? কিন্তু ভক্তদের সেই দুশ্চিন্তা একেবারে উড়িয়ে দিয়েছেন অভিনেতার বাবা অল্লু অরবিন্দ। তিনি জানিয়ে দিয়েছেন, শুধু শুটিংয়ের প্রয়োজনেই এই সিদ্ধান্ত।
অল্লু অরবিন্দ বলেন, ‘ছেলের বর্তমান সিনেমার শুটিং মুম্বইয়ে হচ্ছে, তাই হয়তো এমন গুঞ্জন। কিন্তু হায়দরাবাদই তার আসল ঠিকানা। তার ছেলেমেয়েরা ওখানেই পড়াশোনা করে, পুরো পরিবারও সেখানেই থাকে। তাহলে সে মুম্বইয়ে কীভাবে স্থায়ী হয়ে যাবে?’
শুধু ‘রাকা’ নয়, পরিচালক লোকেশ কনগরাজের পরের সিনেমাটিতেও চুক্তিবদ্ধ হতে পারেন আল্লু। সেই ছবির শুটিংও মুম্বইকেন্দ্রিক হওয়ার সম্ভাবনা আছে। সব মিলিয়ে আগামী কয়েক বছর মুম্বইয়ে যাতায়াত আর অবস্থান বাড়বে বলেই ‘পুষ্পা’ খ্যাত এই মেগাস্টার বিলাসবহুল এই ফ্ল্যাট ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
