বলিউডের পর্দায় গত দশকে বদলে গেছে অনেক কিছু। দর্শক এখন শুধু বড় তারকাদের চকচকে লাইফস্টাইল দেখে আর খুশি নন, বরং খুঁজছেন নিজেদের মতো গল্প। আর এই নতুন ধারার অন্যতম সেরা নায়ক আয়ুষ্মান খুরানা। ব্যবসাসফল সিনেমার পাশাপাশি দারুণ সব গল্প বাছাই করে নিজেকে অনন্য জায়গায় পৌঁছে দিয়েছেন তিনি। ২০২৬ সালে তার তিনটি সিনেমা সেই যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে ধারণা করছেন অনেকে।

চলতি বছর আয়ুষ্মান দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনটি ভিন্ন ঘরানার সিনেমা নিয়ে— ‘পতি পত্নী অউর ও দো’, ‘উড়তা তীর’ আর ‘ইয়ে প্রেম মোল লিয়া’। সম্পর্কের টানাপড়েন আর ভুল বোঝাবুঝির মজার কাহিনি নিয়ে দারুণ এক রসায়ন তৈরি হয়েছে প্রথম সিনেমাটিতে। হালকা হলেও গল্পটি আমাদের দৈনন্দিন জীবনের এমন এক চিত্র ফুটিয়ে তুলবে, যা অতি প্রাসঙ্গিক।

‘উড়তা তীর’ সিনেমাটি একেবারেই নতুন ধাঁচের। আয়ুষ্মানের চিরচেনা স্টাইলের বাইরে গিয়ে এখানে অন্য এক রূপে দেখা যাবে তাকে, যা দর্শকদের জন্য হবে এক চমক। আর ‘ইয়ে প্রেম মোল লিয়া’ হচ্ছে দারুণ একটা পারিবারিক গল্পের সিনেমা। যেখানে ফুটে উঠবে ভারতীয় সংস্কৃতি, পারিবারিক মূল্যবোধ আর সম্পর্কের গভীরতা।

নিজের চরিত্র বাছাই নিয়ে আয়ুষ্মান জানান, তিনি কোনো পরিকল্পনা করে সিনেমা নির্বাচন করেন না। বরং দর্শক হিসেবে যেই চিত্রনাট্য তার মন ছুঁয়ে যায়, সেটাকেই কাজ করেন। তার মতে, এক বছরে তিনটি সম্পূর্ণ আলাদা চরিত্রে অভিনয় করা যেমন আনন্দের, তেমনি সেটা বড় দায়িত্বের।

আজকের সচেতন দর্শক চেনা ছকে বাঁধা গল্পের বাইরে নতুন কিছু খোঁজেন— আয়ুষ্মানের প্রতিটি কাজই সেটার প্রমাণ। এই তিন নতুন যাত্রায় তার সঙ্গী হচ্ছেন বলিউডের তিন বড় প্রযোজক ভূষণ কুমার, করণ জোহর আর সুরজ বরজাতিয়া। বড় পর্দার এই অভিজ্ঞ কারিগরদের হাত ছোঁয়ায় সিনেমাগুলো বক্স অফিস আর দর্শকের মন— দুই জায়গাতেই দারুণ সাফল্য পাবে বলে আশা করছেন অনেকে।

 

news