ছোট পর্দার এই সময়ের উজ্জ্বল একটি নাম সাদিয়া আয়মান। সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কারের জমজমাট আয়োজনে এমন এক লুকে হাজির হয়েছেন যে, ভক্তরা তো অবাক, সঙ্গে মুগ্ধও! সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল তার সেই সব ছবি। আসলে নীল জামদানি শাড়িতে অভিনেত্রীকে এভাবে খুব কমই দেখা যায়, তাই না?
তারকাখচিত সেই রাতে অন্য অনেকের মতো তিনিও নিজের ঝলক ছড়িয়েছেন দারুণভাবে। পরেছিলেন হালকা নীল রঙের এক চমৎকার জামদানি শাড়ি। যেন বাংলার ঐতিহ্যকেই বেছে নিয়েছিলেন নিজের সাজের মূল উপাদান হিসেবে। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ফেসবুক পেজেই ভক্তদের জন্য ছবিগুলো শেয়ার করেন তিনি।
শাড়ির সূক্ষ্ম আর উজ্জ্বল কারুকাজ সাদিয়ার রেড কার্পেট লুককে দিয়েছে মহার্ঘ এক মাত্রা। ঐতিহ্যের জামদানির সঙ্গে তিনি পরেেছিলেন স্লিভলেস হল্টার নেক ব্লাউজ। যেন পুরনো আর নতুনের এক সুন্দর মিশ্রণ ঘটিয়েছেন এই অভিনেত্রী।
শুধু পোশাকেই নয়, মেকআপেও ছিল অসাধারণ এক নরম আভা। সেই গ্লোয়িং ভাইব তার সরল মুখকে করেছে আরও আকর্ষণীয়। চুলে বাঁধা সাধারণ আধুনিক খোঁপা। গয়নায় গ্লুড টুগেদারের ডিজাইন করা চমৎকার অলঙ্কার। হাতের গয়না আর গলার নেকলেস পুরো সাজটাকেই এনে দিয়েছে পরিপূর্ণতা।
একজন ব্রাইডাল মেকওভার আর্টিস্টের সাজেই সেজেছেন তিনি। সাদিয়া নিজেই জানিয়েছেন, "মেরিল-প্রথম আলো পুরস্কারের ওই জমকালো রাতের জন্য আমার রেড কার্পেট লুক নিয়ে হাজির হয়েছি। যাঁরা আমার এই স্বপ্ন সত্যি করেছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।"
ছবিগুলোতে দেখা যাচ্ছে, তিনি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজ পরীক্ষা করছেন, আবার কোনো ছবিতে আত্মবিশ্বাসের সঙ্গে রেড কার্পেটে পোজ দিচ্ছেন। প্রতিটি ভঙ্গি আর অভিব্যক্তি এতটাই মার্জিত, ভক্তরা মন্তব্যঘরে ঝড় তুলেছেন প্রশংসার।
শুধু ছোট পর্দা নয়, ওয়েবফিল্ম আর সিনেমা হলেও নিজের অভিনয়ের স্বাক্ষর রেখেছেন সাদিয়া। গত বছর ‘উৎসব’ ছবি দিয়ে আলোচনায় আসেন, চলতি বছর ‘মিউ’ আর ‘লাভ সিটার’ ওয়েবফিল্ম দিয়ে ভক্তদের মন জয় করেছেন। আর মাঝেমধ্যেই লুক চেঞ্জ করে চমক দেওয়া তাঁর স্বভাব। এবারো সেটাই হলো।
