দেশ ছেড়ে অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রে কাটাচ্ছেন সময়। কিন্তু সেখানে গিয়েও থেমে নেই চিত্রনায়িকা মৌসুমী। এবার তিনি হাজির হচ্ছেন নতুন এক সিনেমা নিয়ে। নাম ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। প্রথমে এটা ওয়েব সিরিজ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত পুরোদমে সিনেমা আকারেই আসছে প্রোজেক্টটি।

সিনেমার গল্পে উঠে আসছে প্রবাস জীবনের এক কঠিন বাস্তবতা। অনেক বাংলাদেশি নারী প্রবাসে গিয়ে চুক্তিভিত্তিক বিয়েতে বাধ্য হন। এসব বিয়ে সাধারণত টেকসই হয় না। আবার কেউ কেউ এ আশায় স্বামী-সন্তান ছেড়ে বিদেশে পাড়ি জমান। ফলে দাম্পত্য জীবনে যেমন নেমে আসে অন্ধকার, তেমনি প্রবাসেও শুরু হয় ভোগান্তি আর নানা সংগ্রাম।

মৌসুমী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘কীভাবে তারা টিকে থাকেন, কীভাবে একটু করে সংসার সাজান – সেই সংগ্রামের গল্পই উঠে এসেছে এই সিনেমায়।’

আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। তিনিই সিনেমাটি তৈরি করেছেন। এর শুটিং শুরু হয় ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে। তখন নির্মাতা জানিয়েছিলেন, এটি সাসপেন্স থ্রিলারধর্মী সিরিজ হবে এবং মৌসুমীর চরিত্র ঘিরেই আবর্তিত হবে পুরো গল্প।

তিনি আরও জানিয়েছিলেন, নারীর মর্যাদা ও সম্মানকে সামনে রেখে এই গল্পের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরা হয়েছে।

গত মার্চে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। নির্মাতা জানান, যুক্তরাষ্ট্র, কানাডাসহ আরও কয়েকটি দেশে মুক্তি পাবে সিনেমাটি। আর এই সিনেমার মাধ্যমেই দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী। এর আগে ২০২৪ সালে মুক্তি পেয়েছিল তাঁর ‘সোনার চর’।

প্রবাসীদের কষ্টের গল্প, চুক্তির বিয়ের অন্ধকার দিক – সব মিলিয়ে দারুণ এক গল্প নিয়ে আসছেন মৌসুমী। দেখার অপেক্ষা এখন ১৫ মে পর্যন্ত।

 

news