মঞ্চে পারফর্ম করতে গিয়ে হঠাৎ নিজেকে ‘মৃত’ বলে দাবি করলেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। আর তাতেই চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে তাঁর ভক্তদের মধ্যে।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। গত ৩০ এপ্রিল এক কনসার্টে দর্শকদের উদ্দেশে তিনি জানান, গত বছরের ডিসেম্বরেই তিনি ‘এই শরীর ত্যাগ করার চেষ্টা’ করেছিলেন।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, মাঝপথে গান থামিয়ে পাঞ্জাবি ভাষায় দিলজিৎ বলছেন, ‘আমি এই দুনিয়া আগেই ছেড়ে দিয়েছি। আমার মৃত্যুর ভয় নেই। গত ডিসেম্বরে আমি এই শরীর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিলাম। কিন্তু এই শরীর ছাড়ার আগে আমার আরও কিছু কাজ করার আছে।’
তিনি আরও বলেন, ‘এতে ভয় পাওয়ার কিছু নেই। আমি এই দুনিয়া আগেই ছেড়ে দিয়েছি, এটা সত্যি।’
দিলজিতের এমন রহস্যময় বক্তব্য দেখে ভক্তরা বিভক্ত হয়ে পড়েছেন। কেউ বলছেন, অতিরিক্ত জনপ্রিয়তা তাঁর মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে। আবার কারও মতে, দিলজিৎ আসলে আধ্যাত্মিক জাগরণের কথাই বুঝিয়েছেন। অনুষ্ঠানের একপর্যায়ে তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, তাঁর কারও প্রতি কোনো ক্ষোভ নেই এবং তিনি সবাইকে ভালোবাসেন।
প্রসঙ্গত, সম্প্রতি জিম ফ্যালনের টক শো–তে দিলজিতের অংশগ্রহণ নিয়ে উচ্ছ্বাস ছিল চরমে। অন্যদিকে পাঞ্জাবের বন্যার সময় তাকে পাশে না পাওয়ার অভিযোগে সমালোচনাও হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই নেতিবাচক প্রতিক্রিয়ার জবাব দিতেই মঞ্চে এমন মন্তব্য করেছেন দিলজিৎ। তবে এ ব্যাপারে তাঁর টিমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা আসেনি।
