সাধারণত হাসিখুশি থাকতে ভালোবাসেন বলিউডের এই অভিনেত্রী। কিন্তু সম্প্রতি এক ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তাঁর মুখে চেপে বসেছিল বিরক্তি। কারণটা কী? সঞ্চালকের এক ‘মজার’ মন্তব্য!
সম্প্রতি মুম্বাইয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সিনেমা ‘পতি পত্নী অওর ও দো’-এর ট্রেলার লঞ্চ। সেখানে ছিলেন আয়ুষ্মান খুরানা, রাকুল প্রীত সিং, ওয়ামিকা গাব্বি আর সারা আলি খান। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু অনুষ্ঠানের একপর্যায়ে সঞ্চালক মজা করে বলে বসলেন, ‘আমি সিনেমার অভিনেতাদের পেছন দিক থেকেও চিনতে পারেন!’
এ কথা শোনার পর স্পষ্ট বোঝা গেল, রসিকতার ছলেও এই মন্তব্য হজম করতে পারছেন না সারা। তাঁর চোখেমুখে ফুটে উঠল চরম অস্বস্তি আর বিরক্তি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সঞ্চালকের ওই কথা শুনে সারা বারবার পাশের সহ-অভিনেতাদের দিকে তাকাচ্ছেন। আর তাঁর অভিব্যক্তি যেন স্পষ্ট বলে দিচ্ছিল, তিনি এতে কতটা শিউরে উঠেছেন।
অবশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভক্তরা দিচ্ছেন সারার পক্ষে সাফাই। তাদের মতে, বিনোদনের নামে এভাবে ব্যক্তিগত ও কুরুচিপূর্ণ মন্তব্য একেবারেই মানায় না। অনেকে আবার সঞ্চালকের বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন।
যাই হোক, পরে অনুষ্ঠানটি স্বাভাবিক ভাবেই শেষ হয়েছে। তবে সারার সেই অস্বস্তির ভিডিও ভাইরাল হয়ে এখন চর্চার কেন্দ্রবিন্দুতে।
জানা গেছে, ‘পতি পত্নী অওর ও দো’ একটি কমেডি-ড্রামা সিনেমা, যেখানে আয়ুষ্মান খুরানার চরিত্রকে কেন্দ্র করে সম্পর্কের জটিলতা দেখানো হয়েছে। ছবিতে আরও আছেন রাকুল প্রীত সিং ও ওয়ামিকা গাব্বি।
ট্রেলার প্রশংসা পেলেও এখন সবার আলোচনা যেন সারার সেই ভাইরাল মুহূর্তটিকেই ঘিরে।
