কিছুদিন আগেই নির্মাতা কাজল আরেফিন অমি ফেসবুকে এক নতুন মুখের ছবি পোস্ট করে দর্শকদের মধ্যে দারুণ কৌতূহল জাগিয়েছিলেন। ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই নির্মাতা লিখেছিলেন, ‘চরিত্রটি কে হতে পারে? অনুমান করুন!’ তারপর থেকেই শুরু হয় গুঞ্জন। আর সেই রহস্যভেদ করতেই এখন জানা গেল সব কথা।
নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং চলছে নেপালে। আর এই সিজনেই যুক্ত হয়েছেন এক নেপালি মডেল। তাঁর নাম রাজশ্রী থাপা। নির্মাতা জানিয়েছেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ’-এর চ্যাপ্টার ১২-এ চমক হিসেবে হাজির হবেন রাজশ্রী।
বর্তমানে নেপালে শুটিং করছেন নেহাল (তৌসিফ মাহবুব), হাবু (চাষী আলম), পাশা (মারজুক রাসেল), কাবিলা (জিয়াউল হক পলাশ), আরেফিন (শামীম হাসান)রা। আর তাঁদের সঙ্গেই কাজ করছেন রাজশ্রী।
ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় এল রাজশ্রীর এক পোস্ট! তিনি তিনটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে—মারজুক রাসেল, চাষী আলম ও শামীম হাসান সরকারের সঙ্গে ফ্রেমবন্দি তিনি। তবে শুধু ছবিই নয়, বাহবা দিতে ভোলেননি এই নেপালি মডেল।
ক্যাপশনে হাবু, পাশা ও আরেফিনের নাম উল্লেখ করে রাজশ্রী লিখেছেন, ‘এ ভেরি নাইস হার্টেড পারসন’। অর্থাৎ রাজশ্রীর কাছে তাঁরা ভালো মনের মানুষ। একথা জানার পর থেকেই ‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের উচ্ছ্বাস দেখার মতো!
যে রাজশ্রীকে কেউ চিনতেন না, তাঁর মন্তব্যের ঘর এখন ভক্তদের সাড়ায় ভরপুর। বেশিরভাগ দর্শকই রাজশ্রীর উপস্থিতিকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি তাঁর চরিত্রটি নিয়ে উৎসুক হয়েছেন অনেকেই।
প্রসঙ্গত, গত বছর কোরবানির ঈদ থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-এ শুরু হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’-এর প্রচার। পাঁচ বছর পর এই সিজনেই ফিরে এসেছেন তৌসিফ মাহবুব ও শামীম হাসান সরকার। আর যুক্ত হয়েছেন নতুন চরিত্র। অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মনিরা মিঠু প্রমুখ।
শুধু ওটিটি নয়, চ্যানেল আই এবং বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলেও দেখা মিলছে এই সিজনের।
