বর্তমানে বলিউডের সবচেয়ে চর্চিত শব্দ ‘প্রোপাগান্ডা ফিল্ম’ – অর্থাৎ প্রচারমূলক ছবি। বিশেষ করে ‘ধুরন্ধর’-এর মতো ছবি নিয়ে যখন একদিকে যেমন হচ্ছে বক্স অফিসে ধামাকা, অন্যদিকে হচ্ছে কটাক্ষ ও সমালোচনা, তখনই পর্দার আড়াল থেকে এল চমকের বাণী! খোদ কিংবদন্তি গীতিকার-চিত্রনাট্যকার জাভেদ আখতার জানিয়ে দিলেন, তিনি ধুরন্ধর বিতর্কের সুরে সুর মেলান না।

এই সম্প্রতি কলকাতায় একটি জুয়েলারি ব্র্যান্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জাভেদ আখতার। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পরিষ্কার বলেন, সিনেমার গায় ‘প্রোপাগান্ডা’ ট্যাগ আঁটার পক্ষপাতী নন তিনি। জাভেদের মতে, কোনো নির্মাতা যদি তাঁর নিজের দৃষ্টিভঙ্গি পর্দায় ফুটিয়ে তোলেন, তাতে দোষ কী!

ধুরন্ধর সিনেমা নিয়ে নিজের ভালোলাগার কথাও জানান এই কিংবদন্তি। বললেন, ‘প্রোপাগান্ডা ফিল্ম বলতে আপনারা কী বুঝতে চান, আমি জানি না। ধুরন্ধর আমার খুব ভালো লেগেছে – সেটা দারুণ একটা ছবি। তবে দ্বিতীয়টার চেয়ে প্রথমটা বেশি ভালো লেগেছে।’

উল্লেখ্য, আদিত্য ধর পরিচালিত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’-এ রণবীর সিং করাচিতে ভারতীয় এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন। গত ডিসেম্বরে মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসে যেমন ঝড় তুলেছে, তেমনি সোশ্যাল মিডিয়ায় হয়েছে প্রচারণার অভিযোগ। আর জাভেদ আখতারের এই সোজাসাপ্টা মন্তব্য সেই বিতর্কে নতুন করে জ্বালানি দিল।

জাভেদ আখতার বলছেন, একটা সৃষ্টিকে কেবল ‘প্রোপাগান্ডা’ লেবেল দিয়ে তার শৈল্পিক মূল্য বিচার করা ঠিক নয়। কলকাতার ওই অনুষ্ঠানে যেখানে নানা ক্ষেত্রের সফল ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হচ্ছিল, সেখানেই বিনোদন জগতের এই জ্বলন্ত ইস্যুতে মুখ খুললেন তিনি। তাঁর অবস্থান স্পষ্ট – ভালো সিনেমা ভালো সিনেমাই, লেবেল বদলালে সেটা বদলায় না।

 

news