সাবেককে নিয়ে শাকিরার গান, রেকর্ড ভাঙল ইউটিউবে

 বিখ্যাত পপতারকা ও জনপ্রিয় কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরা। সম্প্রতি তার একটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। সাবেক পার্টনার জেরার্ড পিকে’র প্রতারণা নিয়ে শাকিরার গাওয়া গানটি মুক্তির মাত্র একদিনের মধ্যেই ইউটিউবের রেকর্ড ভেঙেছে।

পপতারকার ‘আউট অব ইওর লিগ’ শিরোনামে গাওয়া গানটি ২৪ ঘণ্টায় ৬ কোটি ৩০ লাখ বার দেখা হয়েছে। এতে ল্যাটিন অঞ্চলে ওই সময়ের মধ্যে সবচেয়ে বেশিবার দেখা হিসেবে রেকর্ড গড়েছে গানটি।  তবে গানটি এতবার ভিউ হওয়ার পেছনে অবশ্য ভিন্ন একটি কারণও রয়েছে বলে মত অনেকের।

গানটি মূলত শাকিরার সাবেক প্রেমিক জেরার্ড পিকেকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। কেননা গানের যে কথা, তাতে পিকের সাথে এই সংগীতশিল্পীর বর্তমান ব্যক্তিগত সম্পর্কের অনেকটা মিল রয়েছে। এছাড়াও গানে নিজেকে শক্ত করার, ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথাও উল্লেখ করেছেন শাকিরা। গানের একটি অংশের অর্থ এমন যে, ‘তুমি ভেবেছিলে তুমি আমাকে আঘাত করবে। কিন্তু আমি আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছি।’

২০২২ সালে বার্সেলোনার সাবেক ফুটবলার পিকে’র (৩৫) থেকে আলাদা হয়ে যান ৪৫ বছর বয়সী শাকিরা। তাদের সম্পর্ক ১০ বছরের বেশি স্থায়ী ছিলো। এই জুটির ঘরে দুই সন্তানও রয়েছে। এরপর নানা সময়ে লেখায়, কথায় নিজের বিচ্ছেদের ক্ষত প্রকাশ করেছেন শাকিরা। একইভাবে এবার নিজের নতুন গানে সাবেক প্রেমিককে তিনি জবাব দিয়েছেন বলেই ধারণা করা হচ্ছে।

প্রথমবারের মতো আর্জেন্টিনার প্রযোজক ও ডিজে বিজারাপের সঙ্গে কাজ করেছেন শাকিরা। চার মিনিটের ওই পপ গানটি ইউটিউবে এমন ইতিহাস গড়ে জে বলভিন, লুইস ফনসি ও ড্যাডি ইয়াঙ্কির মতো লাতিন পারফর্মারের সঙ্গে নিজের নাম লেখালেন শাকিরা।

পিকে’র সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর আরও একটি গান গেয়েছিলেন শাকিরা। তিন মাস আগে গাওয়া ওই গানের শিরোনাম ছিল ‘মনোটোনিয়া’। ওই গানটিতে মূলত প্রতিশোধ নয় বরং হৃদয় ভেঙে যাওয়ার বিষয়টি ফুটে উঠেছিল।

তবে আউট অব ইওর লিগে পিকে’র ২৩ বছর বয়সী নতুন পার্টনারের বিষয় উল্লেখ করা হয়েছে। শাকিরা তার গানে নিজেকে ‘দুই জন ২২ বছর বয়সী সমান’ বলে উল্লেখ করেছেন। এছাড়া পিকে’কে কটাক্ষ করে বলেছেন সে ‘একটি ফেরারির বদলে একটি রেনল্ট টুইনগো’ ও একটি ‘রোলেক্সের বদলে একটি ক্যাসিও’ নিয়েছেন।

এনবিএস/ওডে/সি

Walton Ads