অকালে চলে গেলেন সুবি সুরেশ
ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও টিভি উপস্থাপক সুবি সুরেশ মারা গেছেন। তিনি লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে দেশটির কোচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।
টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে শোবিজে ক্যারিয়ার শুরু করেন সুবি সুরেশ। এশিয়ানেট টিভির বিখ্যাত মালায়ালাম কমেডি শো ‘সিনেমালা’-র মাধ্যমে উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। পরে তিনি সূর্য টিভিতে শিশুদের অনুষ্ঠান ‘কুট্টিপাট্টলামে’ উপস্থাপনা করে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। পরবর্তীতে কৌতুক শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন এই অভিনেত্রী। এ ছাড়া তিনি মালায়ালাম ইন্ডাষ্ট্রিতে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়ে ছিলেন।
২০০৬ সালে রাজসেনন পরিচালিত ‘কনাকা সিংহাসনম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন সুবি সুরেশ। পরে তিনি ‘হ্যাপি হাজব্যান্ডস’, ‘এলসাম্মা এনা আঙ্কুট্টি’র মতো বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন।
ভারতের কেরালার কোচি শহরের এর্নাকুলাম জেলার থ্রিপুনিথুরাতে জন্মগ্রহণ করেছিলেন সুবি সুরেশ। ছোটবেলা থেকেই তিনি স্কুল-কলেজের বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতায় অংশ নিতেন।
এনবিএস/ওডে/সি